২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসে মগ্ন ব্যাটসম্যানরা

শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনের গ্রিলের ওপারে আফতাব আহমেদ। এপার থেকে কয়েকজন সাংবাদিক কথা বলছেন তার সঙ্গে। তড়িঘড়ি একটা টেপ রেকর্ডার জোগাড় করে তাদের সঙ্গী হয়ে গেলেন আফতাবেরই এক সতীর্থ।

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ধারাবাহিকতায় দলের সবাইকে ছাড়িয়ে যাওয়া শাহরিয়ার নাফীসের ওই সাংবাদিক সাজার দুষ্টুমির বাইরেও আরো অনেক কিছুই চোখে পড়লো। সাংবাদিকদের সঙ্গে রসিকতায় একটা অন্যরকম পরিবেশ তৈরীরও চেষ্টা করলেন। ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যানের মনোজগতের স্বাভাবিক আনন্দের বহিপ্রকাশই বোধহয়। কিন্তু চেনা নাফীসকে অচেনাই মনে হলো বাংলাদেশ দলকে সবসময় অনুসরণ করে চলা সাংবাদিকদের কাছে। ‘মুডি‘ নাফীসকে শেষ কবে এই চেহারায় দেখেছেন তা মনে করতে পারলেন না কেউই।

আরেকটা ব্যাপার অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না দীর্ঘদিন বাংলাদেশ দলের হয়ে খেলা ম্যানেজার খালেদ মাহমুদও। এর আগে বাংলাদেশের কোন ব্যাটসম্যান ব্যাটিংয়ে ধারাবাহিকতার এমন বিজ্ঞাপন হয়েছেন? বাংলাদেশের হয়ে সর্বশেষ তিন ম্যাচে তার স্কোরগুলো দেখুন-অপরাজিত ১২৩, ১০৫ এবং গতকাল ৬৭। সর্বমোট ২৯৫ রান। ব্যাটিংয়ে নাফীসের এই ধারাবাহিকতাকে বিরলই মনে হচ্ছে খালেদ মাহমুদের কাছে , “আমার ঠিক মনে পড়ছে না এর আগে কেউ ধারাবাহিকভাবে এতো ভালো ব্যাটিং করেছে কিনা। বাংলাদেশের সেরা ওপেনিং জুটি ছিল অপি-বিদ্যুত (মেহরাব হোসেন সিনিয়র ও শাহরিয়ার হোসেন ) তারাও একটাসময় খুব ভালো খেলছিল। কিন্তু মনে হয় না তা নাফীসের মতো এত ভালো ছিল।”

জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি। অল্পের জন্য টানা তিন ম্যাচে শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া হলেও গত কিছুদিনে ব্যাটিংটাকে সতীর্থদের সামনে এমনই সহজভাবে উপস্থাপন করেছেন যে, এখন নাফীসেই মগ্ন হয়ে আছেন ব্যাটসম্যানরা। প্রতিভা বিবেচনায় বাংলাদেশ দলে সবচেয়ে এগিয়ে রাখা হয় মোহাম্মদ আশরাফুল এবং আফতাব আহমেদকেই। কিন্তু কখনোই ধারাবাহিকতার উদাহরণ হতে না পারা এই দুজনও স্বীকার করে নিচ্ছেন, “নাফীস এখন যেরকম ব্যাটিং করছে, তা এক কথায় অসাধারণ।” তাতে প্রভাবিত নিজেরাও। আফতাব যেমন বললেন, “এই কিছুদিন আগেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করতে পারলেই সন্তুষ্ট থাকতো। এখন আর সেটা হচ্ছে না। সবারই এখন বড়ো ইনিংস খেলার লক্ষ্য থাকে। এক্ষেত্রে নাফীসেরও অবদান আছে। কী দারুন ব্যাটিংটাই না ও করছে এখন।‘ ‘গুরু‘ ওয়াহিদুল গণির ‘অঙ্কুর‘ থেকেই নাফীসকে সতীর্থ হিসেবে পেয়ে আসা আশরাফুলেরও অনুপ্রেরণা খুঁজে নিতে অসুবিধা হচ্ছে না, “ওর ব্যাটিং দেখে এখন দারুণ অনুপ্রানিত হচ্ছি।” প্রতিভায় এগিয়ে থাকলেও একটা ক্ষেত্রে নাফীসকে নির্দ্বিধায় এগিয়ে রাখছেন আশরাফুল ,“ও অনেক হিসাব করে ব্যাট করে। আমরা অনেক সময় প্রয়োজন না থাকলেও মেরে খেলতে গিয়ে আউট হয়ে আসি। এসব ক্ষেত্রে ও অনেক হিসেবী।” হিসাবটা এখন অন্যদের মাথাতেও খেলতে শুরু করেছে। নাফীসের ব্যাটিংয়ের পাশাপাশি এটাও এখন আশার আলো দেখাচ্ছে।