২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা ছাড়া সব শুধু হতাশার খবর

কাতারের দোহায় অনুষ্ঠানরত এশিয়ান গেমসে আরেকটি খারাপ দিন কাটিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। ছোট হলেও ভালো খবর আছে শুধু দাবায়। সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার হারিয়েছেন তুর্কমেনিস্তানের আমানভ মেসেগেনকে। আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেনও খারাপ করেননি, ড্র করেছেন তিনি ইরানের গ্র্যান্ড মাস্টার ঘায়েম মাঘামির সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

জয় পেলেও সার্বিকভাবে রিফাতের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। মোট সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৪১ জন প্রতিযোগীর মধ্যে তিনি এখন ২১তম স্থানে। সেই তুলনায় এনামুল হোসেনের অবস্থা অনেক ভালো। তার মোট পয়েন্ট সাড়ে চার। প্রথম স্থানে থাকা কাজাখস্তানের মুরতাস কাঝালেয়েভের চেয়ে মাত্র দেড় পয়েন্ট পিছিয়ে থেকে এনামুল আছেন পঞ্চম স্থানে।

অন্য কোথাও প্রথম পাঁচে থাকার সম্ভাবনা জাগাতে পারেননি বাংলাদেশের ক্রীড়াবিদরা। হকিতে বাংলাদেশ ফেবারিট ভারতের কাছে হেরেছে ০-৬ গোলে। অধিনায়ক দিলীপ তির্কের তিন গোল প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে দিয়েছিল ভারতকে। দ্বিতীয়ার্ধে ভালো প্রতিরোধ গড়ে তোলায় মাত্র দু গোল খেয়েছে বাংলাদেশ। জয়ী দলের পক্ষে বাকি তিন গোল করেছেন শিবেন্দ্র সিং, রঘুনাথ ভোক্কালিগা এবং অ্যাডাম সিনক্লেয়ার।

সাঁতারে এস এ গেমসে সোনাজয়ী শাহজাহান আলী রনি ৩২ জনের মধ্যে পেয়েছেন ২৭ তম স্থান। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের হিটে সময় নিয়েছেন তিনি ১ মিনিট ১০.৯২ সেকেন্ড। হামাদ অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৬.৪৭ সেকেন্ড সময় নিয়ে জুয়েল আহমেদ হয়েছেন ৩২ জনের মধ্যে ২৮ তম।

জুডোতে হাবিবুর রহমান হেরে গেছেন তাজিকিস্তানের বোকিয়েভ রুস্তানের কাছে। স্নুকারের ডাবলসে আজাদ জিয়া-হারুন সালমান জুটি শক্ত লড়াই করে ২-৩ সেটে হেরেছেন সংযুক্ত আরব আমিরাতের আল হাশিমি মোহাম্মদ মুস্তাফা আর আল জোকার মোহাম্মদ সুলতানের কাছে।