২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের পথে অ্যাডিলেড টেস্ট

অ্যাডিলেড টেস্টটা শেষ পর্যন্ত সম্ভবত ব্যাটসম্যানদেরই হতে চলেছে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার একটি করে ইনিংস শেষ। দুদলই ৫০০ ছাড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ইংল্যান্ডের ৬ উইকেটে( ডিক্লে.) ৫৫১ রানের জবাবে চতুর্থ দিনে অস্ট্রেলিয়া অল আউট হয়েছে ৫১৩ রানে। আবার ব্যাট করতে নেমে সফরকারীরা দিন শেষ করেছে ১ উইকেটে ৫৯ রান । দু ইনিংস মিলিয়ে এ পর্যন্ত লিড মাত্র ৯৭ রানের। শেষ দিনে তাড়াতাড়ি বড় একটা টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে আবার অল আউট করার স্বপ্ন অ্যান্ড্রু ফ্লিনটফও কি দেখতে পারছেন?

ইংলিশ অধিনায়ক সে স্বপ্ন অনায়াসে দেখতে পারতেন মাইকেল ক্লার্ক দীর্ঘদিন পর আবার নামের প্রতি সুবিচার না করলে। ক্লার্ক পেয়েছেন গত দু বছরে তার প্রথম সেঞ্চুরি (১২৪)। আগের দিন তার সঙ্গে যোগ দেওয়া গিলক্রিস্টও (৬৪) চমৎকার ব্যাট করে পেরিয়েছেন ফিফটি। এ দুজনের ৯৮ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর ক্লার্কের সঙ্গে জুটি বাঁধেন শেন ওয়ার্ন (৪৩)। তাদের সপ্তম উইকেট জুটিতে ১১৮ রান না এলে বিপদে পড়তেই পারতো অস্ট্রেলিয়া। শেষ ৪ উইকেট মাত্র ১১ রানে ফেলেও ইংল্যান্ডের বোলাররা এ কথা ভেবে নিশ্চয়ই আফসোস করছেন।

আফসোসটা বেশি হওয়ার কথা ম্যাথু হগার্ডের। এখনো পর্যন্ত ব্যাটসম্যানদের হয়ে থাকা এ ম্যাচে বোলারদের জন্য তিনিই একমাত্র আশার আলো। দুর্দান্ত বল করেছেন। তার প্রমান ১০৯ রানে ৭ উইকেট। অ্যাডিলেড ওভালে এটি ইংল্যান্ডের কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং জ্যাক হোয়াইটের। ১৯২৮-২৯ মৌসুমে ১২৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেরা বোলিংয়ের রেকর্ড গড়ার আরেকটা সুযোগও পাচ্ছেন ম্যাথু হগার্ড। জিততে হলে পঞ্চম দিনে কারো না কারো কাছ থেকে এমন পারম্যান্সই আশা করবে ইংল্যান্ড!