জাতীয় লিগে কাপালি ও রাজিনের সেঞ্চুরি
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মাতিয়েছেন অলক কাপালি ও রাজিন সালেহ। জাতীয় দল থেকে বাদ পড়া এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি খুব ভাল অবস্থানে নিয়ে গেছে সিলেটকে।
ঢাকার বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথমদিনে সিলেট তুলেছে ৬ উইকেটে ৩১৩ রান ।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আধিপত্য ছিল বোলারদের। স্বাগতিক দলের শাহাজাদা ও সোহরোয়ার্দীর মারাত্মক বোলিংয়ে বরিশালের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ৯৩ রানে। তারপর রাজশাহী ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে।
ওদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মানজারুল রানার বিধ্বংসী বোলিংয়ে চট্টগ্রামের ইনিংস থেমে গেছে ২৪১ রানে। এই বাঁ-হাতি স্পিনার ৪৭ রানে নিয়েছেন ৬ উইকেট।
ধানমন্ডি স্টেডিয়ামে দিনের শুরুতেই কিন্তু সিলেটের ব্যাটিং লাইন-আপে ধাক্কা দিয়েছিলেন ঢাকার বোলাররা। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে তারা যখন মহাবিপদে তখনই রাজিন সালেহ ও অলক কাপালি হাল ধরেন।
চতুর্থ উইকেট জুটিতে ১৯২ রান যোগ করে ২৫৭ রানের মাথায় রাজিন বিছিন্ন হয়েছেন ঠিক একশ রান করে। তার ১৯২ বলের এই ইনিংসে ছিল ১৬ টি বাউন্ডারি।
তবে কাপালি এখনো ক্রিজে আছেন ১২৮ রান নিয়ে। ইনিংসটি একটি ছয় ও ১২ টি চার দিয়ে সাজিয়েছেন তিনি। দ্বিতীয় দিনে ইনিংসটি তিনি আরো বড় করতে পারলে সিলেটর আধিপত্যই বজায় থাকবে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া-আসার মিছিলের মধ্য দিয়েই দিন শেষ হয়েছে বরিশালের।
শাহজাদা ও সোহরওয়ার্দীর তোপের মুখে কেউ থিতু হতে পারেননি উইকেটে। কেবল আলী আরমানই করেছেন বলার মতো ৩৭ রান।
শাহাজাদা ২১ রানে এবং সোহরওয়ার্দী ৩০ রানে নিয়েছেন ৫ টি করে উইকেট। বরিশালের ৯৩ রানের জবাবে ২ উইকেটে ৯৪ রান করে ১ রানের লিডও নিয়ে নিয়েছে রাজশাহী।
খুলনায় প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ফয়সাল হোসেন (৬৬*) ও গাজী নাসিরুদ্দিনের (৫৭) ফিফটিতে ২৪০ পেরিয়েছে।
স্কোর আর বড় হতে দেননি মানজারুল ইসলাম রানা। ৪৭ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।
জবাবে ১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে খুলনা।
