২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয়ের দেখা পেল ভারত

ওয়ানডে সিরিজ হারা সারা। শুধু কি হারা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একেবারে গো-হারা হেরে শেষের আগেই সিরিজ শেষ করে বসেছে ভারত। গ্রেগ চ্যাপেলের মুন্ডুপাত আর দ্রাবিড়দের একহাত নিতে সারা ভারত যখন ব্যস্ত ঠিক তখনই এলো এক স্বস্তির জয়। কাল টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে-এ খবরে বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার কি বাহুল্য মনে হচ্ছে? তাহলে ধরে নিতেই হবে দু দেশের চলতি সিরিজটিতে আপনার নজর নেই। থাকলে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ানডেতে যে ভারত পালাবার পথ খুঁজছিল তারাই দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করেছে এ খবর আপনাকেও অবাক করতো। অবশ্য জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন বোলাররাই এবং চ্যাপেলকে স্বস্তি দিয়ে ব্যাটসম্যানরা এবার আর পথ হারাননি।

জহির খান আর অজিত আগারকারের বোলিং শুরুতেই কোনঠাসা করে ফেলেছিল গ্রায়েম স্মিথের দলকে। দুজনই দুটো করে উইকেট নেয়ায় ১২ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৪। তিন তিনটি ছক্কায় অ্যালবি মরকেল ২৭ রানের ইনিংস খেললে সে অবস্থা থেকেও ১২৬ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে দু অঙ্কের ঘরে পৌঁছেই টেন্ডুলকার আউট। তারপর কোনো রান না করে ধোনি এবং ২৯ বলে ৩৪ রান করে শেবাগও ফিরে যাওয়ায় মনে হচ্ছিল আবারও বুঝি ঝড়ে উড়ে যাবে ভারত। কিন্তু এবার আর তা হয়নি। দীনেশ মঙ্গিয়া (৩৮) আর দীনেশ কার্ত্তিক (৩১*)-এর ৩৭ রানের জুটি সে আশঙ্কা দূরে ঠেলে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় । মঙ্গিয়ার বিদায় হিসেবটা আবার কঠিন করে তুলেছিল। ১৫ বলে দরকার তখন ১৯ রান। শেষ ওভারের প্রথম বলে কার্ত্তিক বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনকে ছক্কা মেরে দিলে হিসেব মিলে যায়। এক বল বাকি থাকতেই ৪ উইকেটে ১২৭ রান তুলে সান্ত¡নার জয় পেয়ে যায় ভারত। পঞ্চম ওয়ানডের আগে এ জয় যে দলের মনোবল বাড়াবে তাতে আর সন্দেহ কি!