প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের জয়
সফরকারী জিম্বাবুয়ে রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি একাদশকে ২৬ রানে পরাজিত করেছে।
জিম্বাবুয়ের ২২১ রানের জবাবে হাবিবুল বাশারের দল ২২ বল বাকি থাকতেই ১৯৫ রানে অলআউট হয়ে যায়।
ওপেনার নাজমুজ সাদাত উদ্বোধনী ওভারে ক্রিস্টোফার মফুর বলে ১৪ রান নিয়ে চমৎকার সূচনা করলেও কিছুক্ষন পরেই মাত্র ১৮ রানের মাথায় তিনি আউট হয়ে যান। এর পর কোন রান যোগ না করেই মেহরাব হোসেন জুনিয়র পেসার অ্যান্থনী আইয়ারল্যান্ডের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
পরে মার্শাল আইয়ুব ও বাশার ইনিংস মেরামতের চেষ্টা চালান। কিন্তু ে ৩০ রান যোগ করার পরেই মফুর বলে মার্শাল আইয়ূবের একটি স্ট্রেইট ড্রাইভ অপর প্রান্তে বোলারের হাত ছুঁয়ে স্ট্যাম্প ভেঙ্গে গেলে বাশার রান আউট হন।
পরে আইয়ুব (৩৫) ও নাদিফ চৌধুরী (৪২) জিম্বাবুয়ের বলারদের নাস্তানাবুদ করলেও ৬৮ রানের মাথায় নাদিফ স্পিনার গ্যারী ব্রেন্টের বলে আউট হয়ে যান। এরপর মুশফিকুর রহিম ২৬ ও তাপস অপরাজিত ২৮ রান করলেও তা স্বাগতিক দলের জয়ের জন্য যথেষ্ট ছিলো না।
জিম্বাবুয়ে দলের স্পিনাররা ছয়টি উইকেট তুলে নেন। এর মধ্যে গ্যারী ব্রেন্ট ৩২ রানে ৩ উইকেট, কীথ দেবেঙ্গা ২৪ রানে ২ উইকেট এবং সিন উইলিয়াম ৩১ রানে ১ উইকেট নেন।
এর আগে সফরকারীরা প্রথমে ব্যাট করতে নেমে ২২১ রান করেন। দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলকে প্রতিযোগিতা করার মতো স্কোর গড়ে দেন। ভারপ্রাপ্ত অধিনায়ক মুলুলিকি এনকালা ৩৭, ব্রান্ডেন টেইলর ৩০ এবং হেমিলটন মাসাকাদজা ২৭ রান করেন।
বাংলাদেশ দলের মোশারফ হোসেন রুবেল এবং তাপস যথাক্রমে ৩৪ ও ৫০ রানে ৩ টি করে উইকেট নেন।
