২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল আবার দলে ফিরলেন

পরপর দুটি সেঞ্চুরির সুবাদে দলে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ম্যাচের জন্য প্রথমে তাকে বাদ দেওয়া হলেও রোববার ১৪ নম্বর খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেছে বিসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ রোববার বিকেএসপিতে এক সংবাদ সম্মেলনে আশরাফুলের নাম ঘোষণা করে বলেন, সাম্প্রতিক ঘরোয়া ম্যাচে ফর্ম ফিরে পাওয়ায় আশরাফুলকে আবার দলে ডাকা হয়েছে। জাতীয় ক্রিকেট লীগে ১২১ রান ও ২৬৩ রানের পরপর দুটি সেঞ্চুরি তাকে দলে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে তাদের। গত ১৯ নভেম্বর আশরাফুলকে বাদ দিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়। আশরাফুলসহ মোট ১৪ জনের দল জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের প্রথম তিনটিতে খেলবে।

ফারুক আহমেদ আরও বলেন, “চাপ কম আছে এমন কতগুলো ম্যাচ আমরা আশরাফুলকে দিয়ে খেলাতে চেয়েছিলাম এবং চলমান জাতীয় লীগে পরপর সেঞ্চুরি করে ও সামর্থ্য প্রমাণ করেছে।”

নির্বাচক কমিটি তার পারফরমেন্সের পূনর্মূল্যায়ন করেছে উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, “আশরাফুলের ২৬৩ রানের ইনিংসটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এ সময়ে সে সর্বোচ্চ ফর্মে আছে।”

এর আগে বৃহস্পতিবার অন্তত ৩শ আশরাফুল ভক্ত বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তির দাবিতে বিসিবি অফিসের সামনে বিক্ষোভ করেন।

আশরাফুলের দলে ফেরার পেছনে এসব ঘটনার কোনো যোগসূত্র থাকার বিষয়টি উড়িয়ে দিয়ে ফারুক আহমেদ বলেন, “বাইরের কোনো চাপ আমাদের ওপর ছিল না। এছাড়া গণমাধ্যমের রিপোর্টকে সব সময় আমরা পরামর্শ হিসাবে গ্রহণ করি।”

দলে আবার ডাক পাওয়ায় ভালো লাগছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন আশরাফুল। ২২ বছরের এই তারকা ক্রিকেটার বলেন, এ ঘটনা ভালো খেলার জন্য তার ভিতরে আত্মবিশ্বাস যোগাবে। এর ফলে নতুন কোনো চাপের মুখে তিনি পড়বেন কিনা জানতে চাইলে মিডল অর্ডার এই ব্যাটসম্যান বলেন, “প্রথমবারের মতো দলে ডাক পেলে হয়তো চাপে পড়তাম, আমার মনে হয় আবার ফিরতে বলার মধ্যে মূল দলে থাকতে পারার একটি নিশ্চয়তাও আছে।”

আশরাফুল ডাক পাওয়ায় ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড এখন পূর্ণাঙ্গ হলো। স্কোয়াডে আছেন-হাবিবুল বাশার (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, তুষার ইমরান, মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, সৈয়দ রাসেল, শাহদাত হোসেন, ফরহাদ রেজা, সাকিবুল হাসান এবং মেহরাব হোসেন জুনিয়র।