২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলকে কমিটিই বাদ দিয়েছে: হোয়াটমোর

জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের বাদ পড়ার পেছনে ভূমিকা রাখার কথা মঙ্গলবার অস্বীকার করেছেন কোচ ডেভ হোয়াটমোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

জিম্বাবুয়ে সিরিজ থেকে আশরাফুলের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে হোয়াটমোর সাংবাদিকদের বলেন, “খেলোয়াড়দের বাদ দেয়ার ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নির্বাচক কমিটিই নিয়ে থাকে।”

এদিকে জাতীয় ক্রিকেট লীগের দলবদলের জন্য ১০ দিন বিরতির পর মঙ্গলবার ক্রিকেটাররা শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন। শুধুমাত্র লাঞ্চ বিরতি ছাড়া খেলোয়াড়রা সকাল সাড়ে ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বোলিং, ফিল্ডিং ও নেটে অনুশীলন করেন।

হোয়াটমোর বলেন, “এটা ছিলো কমিটির সিদ্ধান্ত (দল থেকে আশরাফুলের বাদ পড়া)।”

এর আগে রোববার ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আশরাফুলকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ৩ টি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে। হোয়াটমোর নিজেও নির্বাচক কমিটির সদস্য হলেও অসুস্থতার কারণে তিনি কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন।