একদিন আগেই আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
নির্ধারিত সময়ের একদিন আগেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টানা এক মাসের এ সফরে নির্ধারিত ম্যাচের বাইরে আরও দুটি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল।
নতুন সফরসূচি অনুযায়ী ২৩ নভেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। তারা ওয়ান ডে সিরিজ ও একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের বাইরে,একটি তিন দিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বুধবার নতুন সফরসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওডিআই সিরিজের বাইরে বাড়তি দুটি ম্যাচের ব্যাপারে জিম্বাবুয়ে দলকে অনুরোধ করেছে বিসিবি।
তিনি জানান, জিম্বাবুয়ে দলের তিন দিনের (১১ থেকে ১৩ ডিসেম্বর) এবং চার দিনের (১৫ থেকে ১৮ ডিসেম্বর) ম্যাচে প্রতিপক্ষ করা হবে তা এখনও ঠিক হয়নি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২৬ নভেম্বর একটি ওয়ার্ম আপ ম্যাচের মধ্য দিয়ে শুরু করবে জিম্বাবুয়ে। খুলনায় টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে ২৮ নভেম্বর।
খুলনায় জিম্বাবুয়ে দলের প্রথম ওয়ান ডে ম্যাচটি হবে ৩০ নভেম্বর। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ৩ এবং ৫ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হবে।
শেষ দুটি ওডিআই ম্যাচ ৮ এবং ৯ ডিসেম্বর মিরপুর অথবা ফতুল্লায় হতে পারে।
