ফুটবলারদের দলবদল স্থগিত
উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের দলবদল স্থগিত করা হয়েছে।
বাফুফে ভবনে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও পেশাদার ফুটবল লিগ কমিটির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলবদল বুধবার শুরু ও ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। ১২টি দলের সমন্বয়ে লিগ শুরু হওয়ার কথা ছিল আগামী ২১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলবদলের কাজ শুরু করা কঠিন। তাই লিগ কমিটি এবং ক্লাব কর্মকর্তারা দলবদল স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
হেলাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে দলবদল শুরু হবে।
এর আগে ক্লাব কমকর্তারা দলবদল স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন।
