বিসিবির নতুন সভাপতি আজিজ
আলী আজগর লবী পদত্যাগ করায় কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে রাজনৈতিক ব্যস্ততা ও স্বাস্থগত কারণ দেখিয়ে লবী তার পদত্যাগ পত্র জমা দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিসিবি সভাপতি আলী আজগর লবীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজ।
বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি নতুন সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আগামীকাল (বুধবার) থেকে সময় দেবেন বলে জানিয়েছেন।”
মাহবুব বলেন, “সরকার মনোনীত নতুন সভাপতির সঙ্গে কাজ করার জন্য আমরা প্রস্তুত এবং বোর্ড তার নিজস্ব গতিতে চলবে। কারণ বোর্ডে কোন বিশৃঙ্খলা নেই।”
রাজধানীর গুলশানে বিসিবি কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলী আজগর লবী বলেন, “পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার আগে আমি আমার দলের নেত্রীর সঙ্গে (খালেদা জিয়া) আলোচনা করেছি এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি আমাকে পদত্যাগ করতে বলেছেন।
তবে সব ক্রীড়া ফেডারেশনের শীর্ষ পদে রদবদলের জন্য অন্তবর্তী সরকারের নেয়া সিদ্ধান্ত লবীকে এই পদ থেকে পদত্যাগে উৎসাহিত করেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লবী বলেন, “সম্ভবত আমি বিএনপি থেকে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত বলেই মন্ত্রণালয় বিসিবির বিশ্বব্যাপী বাজার স্বত্ত (টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি) নিয়ে চুক্তি অনুমোদনে বিলম্ব করছে।”
তিনি বলেন, “আমি ক্রিকেটের জন্য বাধা হয়ে দাঁড়াতে চাই না। ক্রিকেটের কোন ক্ষতিও আমি চাই না।”
গত ৯ নভেম্বর দরপত্রের মাধ্যমে ৫৬.৮৮ মিলিয়ন মার্কিন ডলারের (৫ কোটি ৬৮ লাখ ৮০ হাজার) বিনিময়ে ছয় বছরের জন্য অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী বাজার স্বত্ত লাভকারী প্রতিষ্ঠান নিমবাসের সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয় আনুমতি দিয়েছে।
অচিরেই তারা চুক্তিটি সাক্ষর করতে সক্ষম হবেন বলে মাহবুব আনাম আশা প্রকাশ করেন।
