২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্টের আশা নিয়ে হংকং যাচ্ছে ফুটবল দল

হংকং এর বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার আশা নিয়ে এশিয়া কাপের বাছাই পর্বের শেষ গ্রুপ ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সোমবার সকালে হংকং রওনা হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টায় হংকং এর মংকক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলের কোচ হাসানুজ্জামান বাবলু রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমাদের হারানোর কিছুই নেই। আমাদের ছেলেরা হংকং এর সাথে ড্র করে একটি পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে ভালোই হয়। আর আমরাও যাচ্ছি এরই জন্য।”

বাংলাদেশ চার দলের এফ গ্রুপের পাঁচটি ম্যাচে খেলে এখন পর্যন্ত কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

একই দিনে তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ ম্যাচে পাঁচ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে থাকা কাতার পাঁচ ম্যাচ খেলে ৮ পয়েন্ট সংগ্রহকারী উজবেকিস্তানকে হারাতে পারলে এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচে জয়লাভ করলে হংকং এর দ্বিতীয় রাউন্ডে উঠার সম্ভবনা রয়েছে।

জাতীয় দলের সাবেক সদস্য হাসানুজ্জামান বাবলু বলেন, “হংকং এর কাছ থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নেয়া আমাদের জন্য অসম্ভব নয়, কারণ গত বছরের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে আমরা তাদের ১-০ গোলে হারিয়েছিলাম। এছাড়া ২০০৩ সালেও ফিফা ওয়ার্ল্ডকাপের প্রি-কোয়ালিফাইং ম্যাচে আমরা তাদের সঙ্গে ড্র করেছিলাম”। হংকং তার দলের চেয়েও ভালো বলে তিনি মন্তব্য করেন।

বাবলু বলেন, “আমার ছেলেরা সচেতন এবং দেশের সম্মানের জন্য তারা তাদের সর্বোচ্চ ঢেলে দিতে প্রস্তুত। এছাড়া একটি ভালো ম্যাচ খেলার প্রস্তুতি নেয়ার জন্য তারা পর্যাপ্ত সময়ও পেয়েছে বলে আমার বিশ্বাস।”

এর আগে বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে তাসখন্দে ০-৫ গোলে এবং দেশের মাটিতে ০-৪ গোলে পরাজিত হয়। এছাড়া কাতারের সঙ্গে চট্টগ্রামে ১-৪ গোলে এবং দোহায় ০-৩ গোলে পরাজিত হয়।

বাংলাদেশ দলের খেলোয়ারা হলেন: আমিনুল ইসলাম (অধিনায়ক), মাজহারুল ইসলাম হিমেল, ফিরোজ মাহমুদ টিটু, ওয়ালি ফয়সাল, মহিউদ্দিন ইবনুল সিরাজী, আরমান আজিজি, আবুল হোসেন, ফয়সাল মাহমুদ, আরিফুল ইসলাম, এম রবিন, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, রজনী কান্তি বর্মণ, নজরুল ইসলাম, পারভেজ বাবু, মতিউর মুন্না, আলফাজ আহম্মেদ ও আরিফুল কবীর ফরহাদ।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: মোজাম্মেল হক মুক্তা (ম্যানেজার), হাসানুজ্জামান বাবলু (কোচ), বায়জীদ আলম জুবায়ের নিপু (সহকারী কোচ) এবং মশিউর রহমান (ফিজিশিয়ান)।