বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া স্বত্ব বিক্রি কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে এর সঙ্গে ছোট একটি শর্ত জুড়ে দেওয়ায় মন্ত্রণালয় থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত বিসিবি কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারবে না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি কর্মকর্তারা এ কথা জানান।
র্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আলী আসগার লবী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, রফিকুল ইসলাম বাবু এবং সদস্য খন্দকার জামিল উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকালে ক্রীড়া উপদেষ্টা সিএম শফি সামির সাথে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখা করে দরপত্রের কাগজপত্র দেখান। কাগজপত্র দেখে উপদেষ্টা সন্তুষ্ট হয়ে তাদের দরপত্র সংক্রান্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
উপদেষ্টার সাথে দেখা করেছেন বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম, সহ-সভাপতি আজিজ আল কায়সার টিটো, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
মাহবুব আনাম বলেন, যে বা যারা টেন্ডার স্থগিতের ব্যাপারে প্রভাবিত করেছে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি আরো বলেন, উপদেষ্টার উচিত ছিলো একক সিদ্ধান্ত গ্রহণের আগে ক্রিকেট বোর্ডের সদস্যদের সাথে কথা বলা।
তিনি জানান, টেন্ডার প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ক্রীড়া মন্ত্রণালয় দু জন পর্যবেক্ষক পাঠাবে।
এর আগে ভারতের জি স্পোর্টস এবং নিম্বাস নামের দুটি মার্কেটিং প্রতিনিধি বুধবার মিডিয়া স্বত্বের জন্য দরপত্র পেশ করে যার প্রত্যেকটির মূল্য ছিল দুই মিলিয়ন ডলার। বুধবারই এদের কারিগরী মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আর্থিক প্রকৃতির মূল্যায়নের কাজ চলছে।
