বাংলাদেশের ফুটবল প্রেম দেখে অভিভূত জিদান
জিদান বাংলাদেশের ফুটবল প্রেম দেখে অভিভূত। তিনি বললেন, ‘‘আমি এ দেশের শিশুদের ফুটবলের জন্য কিছু করতে চাই, যদি তা পারি, তাহলে তা হবে আমার গৌরব।”
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্ব ফুটবলের অন্যতম নায়ক জিনেদিন জিদান ওরফে জিজু একথা বলেন।
জিদান বলেন, ‘‘এদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি নিশ্চিত বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। তবে ফুটবল সংগঠকদের এগোতে হবে আরও পরিকল্পনা নিয়ে। শিশুরা যেন সেরা ফুটবলার হতে পারে সেজন্য তাদের গড়ে তুলতে হবে ছেলেবেলা থেকেই।”
ফুটবলে ইউরোপের চেয়ে এশিয়া কেন পিছিয়ে আছে-এ প্রশ্নের জবাবে তিনি খোলাখুলি জানান তার অভিমত। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, ফুটবলটা ইউরোপেরই খেলা। এ খেলা আবিষ্কার হয়েছে সেখানেই। এ কারণেই হয়তো ফুটবলে এশিয়া একটু পিছিয়ে আছে; তবে পরিশ্রম করলে এশিয়াও এগিয়ে যাবে।”
