২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত শ্যুটারদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে পুলিশ: সংবাদ সম্মেলনে অভিযোগ

পুলিশের হাতে লাঞ্ছিত স্বর্ণজয়ী শ্যুটার আসিফ হোসেন খান ও জাতীয় শ্যুটিং কোচ শোয়েবুজ্জামানকে পুলিশ দেশ ছেড়ে যেতে বলেছে বলে অভিযোগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় শুটিং ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগের পাশাপাশি আরও বলা হয়েছে, দেশ ছেড়ে না গেলে বা অপরাধী পুলিশের নাম প্রকাশ করলে তাদের অন্য সন্ত্রাসীদের মতো ক্রসফায়ারে মেরে ফেলা হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় শ্যুটিং কোচ শোয়েবুজ্জামানের ছোট বোন ও শ্যুটিং শিক্ষার্থী শাহিনা মমতাজ শরমী এ অভিযোগ করেন।

সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে ঘটনার তদন্তে গঠিত পুলিশী কমিটি প্রত্যাখ্যান করে প্রকৃত ঘটনা বের করতে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী।

বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহ - সভাপতি কাশেম হুমায়ুন, কুতুবউদ্দিন আকসির, নির্বাহী সদস্য আজিজুল হক, শেখ আকরাম হোসেন ও আইনজীবী অ্যাডভোকেট মুনীরুজ্জামান।

এ ছাড়াও শুটার আসিফের বাবা বেলায়েত হোসেন খান ও মা শাহানা খান তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী বলেন, শ্যুটার আসিফ ও কোচ শোয়েব ছাড়াও ২৫ জন শ্যুটার, শিক্ষার্থী ও ফেডারেশন কর্মী সেখানে পুলিশের বর্বরোচিত আক্রমণের শিকার হয়। গ্রেফতার করে থানায় নেয়ার পথে পুলিশ পিকআপে এবং থানায় নেয়ার পর সেখানেও নির্যাতন করা হয়। পুলিশের এ নীতিজ্ঞানহীন আচরণ দেশের আইনের প্রতি ও জাতীয় গৌরবের অধিকারী শ্যুটারদের প্রতি অবজ্ঞা ও আক্রোশের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার উদ্বোধনকালে খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিমন্ডলে রাষ্ট্রদূতের মতো বলে উল্লেখ করার সাতদিনের মাথায় এই শ্যুটাররা পুলিশের হামলার শিকার হলো।

ফেডারেশনের পক্ষ থেকে সকল ক্রীড়াবিদ, ক্রীড়ামোদী, সংগঠক ও ফেডারেশনকে এ বর্বরোচিত হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন মাস পর শ্যুটিং দলের এশিয়াডে যাওয়ার কথা। কিন্তু আসিফ যেভাবে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন তাতে আগামী ছয় মাস রাইফেল নিয়ে দাঁড়াতে পারবেন না। দলের অন্য সদস্য শারমীনও এ ঘটনার জন্য আতংকিত। একই অবস্থা শ্যুটিংয়ের দুই বিদেশী কোচেরও। ফলে ফেডারেশন বর্তমানে শ্যুটিং ক্যাম্প বন্ধ রেখেছে।

এ অবস্থায় এশিয়াডে শ্যুটিং দল পাঠানো সম্ভব হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, দল পাঠালেও তা মানসম্মত হবে না। বিষয়টি বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সচিবের সাথে যোগাযোগ হয়েছে। বৃহস্পতিবার ফেডারেশনের জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রীর সাথেও এ বিষয়ে কথা বলা হবে।

তারা এ ব্যাপারে পুলিশ কমিশনারের বক্তব্যও প্রত্যাখ্যান করেন।

আসিফ ও শোয়েবের আইনজীবী ফেডারেশন কর্মকর্তা অ্যাডভোকেট মুনীরুজ্জামান বলেন, জাতীয় শ্যুটারদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পুলিশী কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। কিন্তু সেখানে পুলিশই ছিল অবৈধ অনুপ্রবেশকারী। স্থানটি শ্যুটারদের জন্যই, তাই সেখানে তাদের অনুপ্রবেশের কোন প্রশ্নই উঠে না।

আবেগতাড়িত কণ্ঠে শ্যুটার আসিফের মা শাহানা খান বলেন, আসিফ যেদিন দেশের হয়ে স্বর্ণপদক জয় করেছে সেদিন থেকে এ দেশেরই ছেলে হয়ে গেছে। তাকে তো দেশের ছেলে করে দিয়েছি। তাকে রক্ষার দায়িত্ব এখন দেশের মানুষের। কিন্তু আমার ছেলেকে দেশ রক্ষা করতে পারেনি।

সোমবার দুপুরে গুলশানের শ্যুটিং কমপ্লেক্সের মূল গেটে পুলিশের বিশেষ শাখার ডিআইজির স্ত্রী গাড়ী রাখাকে কেন্দ্র করে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ শ্যুটারদের ওপর চড়াও হয়। এ সময় তারা শ্যুটারসহ অন্যদের মারধর ও গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা আদালত থেকে সোমবার ও মঙ্গলবার জামিনে ছাড়া পেয়েছেন।

এদিকে ডিআইজির গাড়ির চালক হাবিলদার নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।