ভিবি সিরিজ: শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের কাছাকাছি দক্ষিণ আফ্রিকা
তিনজাতি ভিবি সিরিজের নবম ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। আর দলের এই জয়ে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক গ্রায়েম স্মিথ।
শ্রীলঙ্কার ২২১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ২২৪ রান করে জয় তুলে নেয়। অধিনায়ক স্মিথ বল হাতে তিন উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৪১ রান। সিরিজে এটাই স্মিথের সর্বোচ্চ রান।
দক্ষিণ আফ্রিকার খেলা বাকি রয়েছে আরও তিনটি। তিন ম্যাচের যে কোন একটিতে জয় প্রোটিয়াসদের টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যাবে। টুর্নামেন্টর আরেক দল স্বাগতিক অস্ট্রেলিয়া আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে। ১০ ফেব্র“য়ারি অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে বেস্ট অব থ্রি ফাইনালের প্রথম ম্যাচ।
টসে জিত প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা ৪৭ দশমিক চার ওভারে সব্কটি উইকেট হারিয়ে ২২১ রান করে। উদ্বোধনী জুটিতে জেহান মুবারক এবং সনথ জয়সুরিয়া ৯৪ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। মুবারক ৩১ রান করে আউট হয়ে গেলেও লঙ্কানদের রান চাকা থেমে থাকেনি।
দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারাকে সাথে নিয়ে আরও ৪৩ রান যোগ করেন জয়সুরিয়া। কিন্তু ১৩৭ থেকে ১৪৪ রানে পৌঁছাতেই ৫০ রানের মধ্যে দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আতাপাত্তুর দল। জয়সুরিয়া একপ্রান্ত আগলে খেললেও অপর প্রান্তের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকায় প্রতিপক্ষকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।
জয়সুরিয়া ৬৫ বলে নয়টি চার এবং তিনটি ছক্কায় ৮৬ রান করে স্মিথের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। মাঝে দিলশান ৩৭ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু রানআউটের খাড়ায় পড়ে তাকেও রণেভঙ্গ দিতে হয়। স্মিথ তিন এবং শন পোলক দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার রানের রাশ টেনে ধরেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী জুটিতে গ্রায়েম স্মিথ এবং বোয়েটা ডিপেনারের দু’টি কার্যকর ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলীয় ৮৪ রানে বিচ্ছিন্ন হয় এই জুটি। স্মিথ ৫২ বলে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কায় ৪১ রান করে মুরলিধরনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে একমাত্র মুরলিধরনই কিছুটা সমীহ আদায় করে নিতে সক্ষম হন। পুরো দশ ওভার বল করে ৪৪ রানে তিন উইকেট নেন এই স্পিনার।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরটি বেরিয়ে আসে ডিপেনারের ব্যাট থেকে। ৯৪ বলে সাতটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৮৭ রান করে মুরলিধরনের দ্বিতীয় শিকারে পরিণত হন ডিপেনার।
এছাড়া রুডলফ ২৫ রান করেন। মার্ক বাউচার ৩০ এবং অ্যাশওয়েল প্রিন্স ২০ রানে অপরাজিত থাকেন। আর অলরাউন্ড পারফরম্যান্স স্মিথকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এনে দেয়।
