তিনটি নতুন টেস্ট এবং ওয়ানডে ভেন্যু পেল বাংলাদেশ
আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াকে বাংলাদেশের তিনটি নতুন টেস্ট এবং ওয়ানডে ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার আইসিসির কাছ থেকে এ সম্পর্কিত একটি চিঠি পেয়েছে।
আইসিসি ম্যাচ রেফারী রোশান মহানামা গত ১৬ থেকে ২০ জানুয়ারি দেশের পাঁচটি ভেন্যু পরিদর্শন করেন।
আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা পাওয়া তিনটি ভেন্যুর মধ্যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে টেস্ট এবং ওয়ানডে অনুষ্ঠিত হবে। অন্যদিকে খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে শুধু ওয়ানডে ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছে।
ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামের আর্ন্তজাতিক ম্যাচ আয়োজনের সুযোগ সুবিধা বিদ্যমান না থাকায় এই দু’টি স্টেডিয়ামকে আর্ন্তজাতিক ভেন্যুর মর্যাদা দেওয়া হয়নি।
ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিডিনিউজকে জানান, তিনটি নতুন ভেন্যুতে অন্তত একটি করে ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে। তাছাড়া কেনিয়ার বাংলাদেশ সফরের সময় ওয়ানডে ম্যাচগুলো খুলনা স্টেডিয়ামে আয়োজন করা হবে।
মাহবুব আনাম আরও জানান, যেহেতু ঢাকায় ভেন্যু পাওয়া যায়নি, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটি (৬ থেকে ১০ মার্চ) বগুড়াতে এবং প্রথম টেস্ট (২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ) চট্টগ্রামের নতুন ভেন্যুতে আয়োজন করা হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ২৩ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। এছাড়া ১৯ এবং ২০ ফেব্রুয়ারি বগুড়া স্টেডিয়ামে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
তিনটি ওয়ানডে এবং দু’ট টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল ১৭ ফেব্রুয়ারি ঢাকা আসবে।
