২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে বড় লিডের দিকে এগোচ্ছে পাকিস্তান

তোমাদের পাঠান হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়েছে তো কি হয়েছে। আমাদের রয়েছে শোয়েব আখতার। কিন্তু শোয়েব নন, করাচি টেস্টের দ্বিতীয় দিন ভারতের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছেন মোহাম্মদ আসিফ এবং আব্দুল রাজ্জাক। তবে এর মধ্যে শোয়েব আখতারের আগুন ঝরানো বোলিং ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ভয় জাগানোর জন্য যথেষ্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ভারতকে প্রথম ইনিংসে ২৩৮ রানে অল আউট করে দিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের শতরানের পার্টনারশীপে ভর করে বড় ধরনের লিডের দিকে এগোচ্ছে।

প্রথম দিন পাকিস্তান তবু আড়াইশ’র কাছাকাছি যেতে পেরেছিল। ভারত তাও পারলো না। পাকিস্তানি বোলারদের সম্মিলিত আক্রমনে ২৩৮ রানেই গুটিয়ে যায় চ্যাপেল অ্যান্ড কোং।

স্বাগতিকদের এমন সাঁড়াশি আক্রমনের মধ্যেও নিজের ব্যাটিং সক্ষমতার প্রমান দিয়েছেন সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং এবং হ্যাটট্রিক ম্যান ইরফান পাঠান। 

ভারতের মান বাঁচানোর মত তিনটি কার্যকর ইনিংস বেরিয়ে এসেছে এদের ব্যাট থেকেই। গাঙ্গুলি (৯) এবং যুবরাজ (৭) ৭৪ রান নিয়ে প্রথম দিনের লড়াই শেষ করেছিলেন। দ্বিতীয় দিন সেখান থেকে শুরু করে ভালো লড়াই করেন এই জুটি। দলের রানকে নিয়ে যান ১৩৭ এ। ৮১ রানের এই জুটিটি বিচ্ছন্ন হয় রাজ্জাকরে বলে। ৫৩ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে মোহাম্মদ আসিফের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গাঙ্গুলি।

যুবরাজ তখনও অন্যপ্রান্তে লড়ে যাচ্ছেন। কিন্তু তার লড়াইকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আসিফ। প্রথম দিন দুই উইকেট নিয়ে সতীর্থ বোলারদের চাইতে নিজেকে এগিয়ে রেখেছিলেন। ৪৫ রান করে আসিফের তৃতীয় শিকারে পরিনত হন যুবরাজ। ৭৪ বলে আটটি চারের সহায়তায় এই রান করে যুবরাজ যখন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন, দলের রান তখন ১৬৫। মাঝে ধোনী এবং অনিল কুম্বলে ব্যর্থ হলেও ইরফান পাঠানের ব্যাট কথা বলেছে স্বভাবসুলভ ভঙ্গিতে।

আট নম্বরে নেমে ৫১ বলে ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল পাঠানের ৪০ রানের মূল্যবান ইনিংসটি। পাঠানকে আউট করে একমাত্র উইকেটের স্বাদ নিয়েছেন আফ্রিদি। শেষ দিকে জহির খান ২১ রান করে ইনিংসের ব্যাপ্তিকে কিছুটা বাড়িয়েছেন মাত্র। ২৩৮ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

মোহাম্মদ আসিফের চার উইকেট শিকারের পাশাপাশি আব্দুল রাজ্জাক তিনটি এবং শোয়েব আখতার দুই উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে সাত রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট এবং ইমরান ফারহাত দলকে দুরন্ত সূচনা এনে দিলেও শেষ বিকেলে ১৩ রানের মধ্যে দুই ওপেনার ফিরে গেলে চাপের মধ্যে পড়ে যায় তারা। দুই ওপেনারই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

প্রথম ইনিংসে যেখানে কোন রান করার আগেই তিন উইকেট হারায় স্বাগতিকরা, সেখানে ১০৯ রানের পার্টনারশীপ গড়ে দলকে অনেকটাই ভারমুক্ত করেন উদ্বোধনী জুটি।

সালমান বাট ৭৪ বলে দশটি চারের মাধ্যমে ৫৩ রান করে সৌরভ গাঙ্গুলির বলে এলডিব্লিউয়ের শিকার হন। গাঙ্গুলিও সিরিজে প্রথমবারের মত ব্যাট হাতে রান করার পাশাপাশি উইকেটও তুলে নিতে সক্ষম হলেন।

পাকিস্তানের প্রথম ইনিংসের পাঁচ উইকেট তুলে নেওয়া ইরফান পাঠান দলীয় ১২২ রানে পাকিস্তানের আরেক ওপেনার ইমসরান ফারহাতকে টেন্ডুলকারের ক্যাচ বানিয়ে শিকার সংখ্যা ছয়ে উন্নীত করেন। ফারহাত ৮৭ বলে দশটি চারে ৫৭ রান করেন। 

দিনের বাকিটা সময় নিরাপদেই পার করে দেন ইউনিস খান (২৫) এবং মোহাম্মদ ইউসুফ (৩০)। দিনশেষে দুই উইকেটে ১৭৩ রান তুলে ১৮০ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা।