ভিবি সিরিজ: শ্রীলংকাকে ছয় উইকেটে হারালো অস্ট্রেলিয়া
উদ্বোধনী জুটিতে অ্যাডাম গিলক্রিস্ট এবং সাইমন ক্যাটিচের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রোববার তিনজাতি ভিবি সিরিজের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়া ছয় উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে।
টসে জিতে প্রথম ব্যাটিং করতে নামে শ্রীলংকা। কিন্তু মাত্র ২৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অতিথিরা।
চতুর্থ উইকেট জুটিতে রাসেল আরনল্ড এবং মাহেলা জয়বর্ধনে মূল্যবান ১৬১ রান যোগ করে দলের বিপর্যয় সামাল দেন। আরনল্ড ৫৬ এবং জয়বর্ধনে ৬৯ রান করেন। এছাড়া দিলশান ৩৫ ও কাপুগেদারা ২২ রান করেন। ৫০ ওভারে আট উইকেটে ২৩৩ রান করতে সক্ষম হয় শ্রীলংকা।
জবাবে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দারুন সূচনা এনে দেন গিলক্রিস্ট এবং ক্যাটিচ। এই জুটিতে ১৯১ রান করে ম্যাচ বের করে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। এর মধ্যে আবার গিলক্রিস্ট ১০৫ বলে ১১টি চার এবং চারটি ছক্কার সাহায্যে চমৎকার ১১৬ রান করেন। ক্যাটিচ করেন ৮২ রান। নয় ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়া চার উইকেট খুইয়ে জয় তুলে নেয়।
দুর্দান্ত সেঞ্চুরির জন্যে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন গিলক্রিস্ট।
পার্থে মঙ্গলবার টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা- ২৩৩/৮ (জয়বর্ধনে ৬৯, আরনল্ড ৫৬, দিলশান ৩৫, কাপুগেদারা ২২, ব্রেট লি ২/৪২, ক্লার্ক ২/৪০, সাইমন্ডস ১/৫৪)
অস্ট্রেলিয়া- ২৩৪/৪ (গিলক্রিস্ট ১১৬, ক্যাটিচ ৮২, মার্টিন অপরাজিত ১৪, ভাস ২/৪০, ফার্নান্ডো ১/৫২, মুরলিধরন ১/৫৩)।
