করাচি টেস্টের নাটকীয় প্রথম দিন
কিভাবে ব্যাখ্যা করা যায় করাচি টেস্টের প্রথম দিনটিকে? উত্তরটা এভাবে দেওয়া যায়-- দিনটিকে যদি তিন ভাগে ভাগ করা হয়, তাহলে প্রথম ভাগে পড়বেন ভারতের বোলাররা, আর দ্বিতীয় ভাগে পুরো পাকিস্তান নয়, একজন পাকিস্তানি ব্যাটসম্যান।
তিনি কামরান আকমল। স্বাগতিকদের প্রথম ইনিংসের সিংহভাগ রানই এসেছে এই উইকেটরক্ষকের ব্যাট থেকে। পেয়েছেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দিনের তৃতীয় ভাগে চার উইকেট তুলে নিয়ে আবার ফ্রন্টফুটে চলে এসেছে পাকিস্তান।
ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় ম্যাচের আগের দিন বলেছিলেন, ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে এমন দলই তিনি চান করাচি টেস্টে। ম্যাচের প্রথম দিন তার বোলিং ডিপার্টমেন্ট তাকে যা দিয়েছে তা শুধু দ্রাবিড় কেন, কেউই কি কল্পনা করতে পেরেছিল?
করাচির সবুজ পিচে বোলাররা রাজত্ব করবেন, সুইংও ধরবে এই কথাগুলো দুই অধিনায়কেরই। টসে জিতে তাই দ্রাবিড় ব্যাটিংয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। করাচির সকাল তখনও আড়মোড়া ভাঙ্গেনি, গুটিগুটি পায়ে দর্শকরাও হাজির হচ্ছিলেন ন্যাশনাল স্টেডিয়ামে।
অনেকে হয়তো তখন কেবল মাত্র ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট লাগাতেই ব্যস্ত। ততক্ষণে স্টেডিয়ামের ওই বাইশগজে স্থান নিয়েছেন স্বাগতিক দলের উদ্বোধনী ব্যাটসম্যান সালমন বাট এবং ইমরান ফারহাত। বল হাতে প্রস্তুত ইরফান পাঠান। দেখতে দেখতে তিন বল হয়েও যায়, সবকিছু ঠিকঠাক। কিন্তু ওই পর্যন্তই। হাতমুখ ধুয়ে যারা টিভি সেটের সামনে এসেছেন তাদের চোখ ছানাবড়া হয়েছে নিঃসন্দেহে। মাঠে তখন ঘটে ধুন্ধুমার কান্ড। পাকিস্তানের রানের ঘর শুন্য, কিন্তু উইকেটের ঘরে লেখা তিন। ভারতীয় শিবিরে বাঁধভাঙ্গা উল্লাস।
অর্থাৎ শুন্যরানে পাকিস্তানের তিন তিনজন ফ্রন্টলাইন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। আর পাঠান প্রথমবারের মত টেস্ট হ্যাটট্রিকের আনন্দে ভাসছেন। দিনের প্রথম ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে সালমান বাট, ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফের মত ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন পাঠান।
প্রথম দুই টেস্টে যে ব্যাটসম্যানদের ব্যাটিং দাপটের কাছে বোলাররা অসহায় আত্মসমর্পন করেছে, সেই ব্যাটসম্যানদের ব্যাটগুলোই যেন স্পোর্টিং পিচে বোবা হয়ে গেল।
পাক শিবিরের শ্মসানের নিরবতা কাটিয়ে ফয়সাল ইকবালকে নিয়ে নতুন করে শুরু করেন ইমরান ফারহাত। কিন্তু স্কোর বোর্ডে ১৩ রান উঠতেই অগ্রজদের পথ অনুসরন করলেন ফয়সাল (৫)। এবার কিন্তু অ্যাকশনে জহির খান। মাঠে আসেন হার্ড হিটার শহিদ আফ্রিদি। ইমরানও যে হাফ ছেড়ে বাঁচলেন। দেখেশুনে ব্যাট চালাচ্ছিলেন দুই ব্যাটসম্যান। রান উঠছিল। জুটিতে ২৪ রান হয়ে গেছে। কিন্তু জহির খানের ইনসুইঙ্গার আফ্রিদির (১০) প্যাডে লেগে লেগ স্ট্যাম্প উপড়ে ফেললে আবারও নিরব হয়ে যায় করাচি স্টেডিয়াম। দুই রান পর আফ্রিদির পথেই হাঁটেন ইমরান ফারহাত (২২)।
উইকেটে নতুন জুটি- আব্দুল রাজ্জাক এবং কামরান আকমল। আর এই জুটি যা খেললেন তাতে দলের উপরের সারির ব্যাটসম্যানরা লজ্জায় পড়তেই পারেন। ভারতীয় বোলারদের উল্লাসের দিনে এই জুটি ১১৫টি মূল্যবান সংগ্রহ করে পুরো দলকেই লজ্জার হাত থেকে বাঁচিয়েছন। রাজ্জাক ৭৯ বলে সাতটি চারের মাধ্যমে ৪৫ রান করে আরপি সিংয়ের বলে এলবিডব্লিউ হয়ে গেলেও অন্যপ্রান্তে কামরানের ব্যাটে ছিল সাবলীলতা। রাজ্জাকের আউটের পর অষ্টম উইকেট জুটিতে শোয়ব আখতারকে সাথে আরও ৮২ রান যোগ করেন কামরান। শোয়েব ৬০ বলে আটি বাউন্ডারি এবং একটি ছক্কায় ৪৫ রান করে পাঠানের পঞ্চম শিকারে পরিনত হন। কামরান আকমল ১৪৮ বলে ১৮টি চারের সাহায্যে অনবদ্য ১১৩ রান করে পাঠানের বলেই ধোনীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
ইরফান পাঠান ৬১ রানে পাঁচ উইকেট নিয়ে মূল ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন। আরপি সিং তিন এবং জহির খান দুই উইকেট নিয়ে ভালোই সহায়তা দিয়ে গেছেন পাঠানকে।
ভারতের জবাবটাও স্বস্তিদায়ক ছিলনা। তফাত শুধু পাকিস্তান কোন রান সংগ্রহ করার আগেই হারিয়েছে তিন উইকেট, আর ভারত ১৪ রানে হারায় দুই উইকেট।
দলের নয় রানে ওপেনার অধিনায়ক রাহুল দ্রাবিড়কে (৩)ফিরিয়ে দেন মোহাম্মদ আসিফ। পাঁচ রান পর কামরান আকমলের সহায়তায় শেওয়াগকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শোয়েব আখতার।
তৃতীয় উইকেট জুটিতে লক্ষণ এবং টেন্ডুলকার ৪২ রানের পার্টনারশীপ গড়ে লড়াইয়ের আভাস দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৫৬ রানে আবার আঘাত হানেন আসিফ। লক্ষণের (১৯) উইকেট উপড়ে যায় আসিফের দুর্দান্ত একটি বলে। ২৩ রান করে ৫৬ রানেই শচীনও ফিরে গেলে উত্তাল হয়ে ওঠে করাচির গ্যালারী। কিন্তু দিনের বাকিটা সময় কোন অঘটন ছাড়াই পার করে দেন সৌরভ গাঙ্গুলি (৯) এবং যুবরাজ সিং (৭)।
