২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবলের শেষ চারে টাঙ্গাইল ও সাতক্ষীরা

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার চুড়ান্ত পর্বের বি গ্রুপের শেষ খেলায় নারায়ণগঞ্জকে ২ - ০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাঙ্গাইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিন ম্যাচে টাঙ্গাইলের পয়েন্ট ছয়। রোববার দ্বিতীয় সেমিফাইনালে টাঙ্গাইল এ গ্রুপের রানার্স আপ রাঙ্গামাটির মুখোমুখি হবে। ম্যাচের সেরা খেলোয়াড় সাইদ মাহমুদ দশ এবং ৭৮ মিনিটে গোল দু’টি করেন।

একই ভেন্যুতে দিনের অপর খেলায় কুড়িগ্রামের বিরুদ্ধে ২ - ৪ গোলে হেরেও সেমিফাইনালে পৌঁছে গেছে সাতক্ষীরা জেলা দল। তিন ম্যাচে সাতক্ষীরা এবং নারায়ণগঞ্জ সমান তিন পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল গড়ে এগিয়ে থাকার সুবাদে সাতক্ষীরা সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে। শনিবার প্রথম সেমিতে সাতক্ষীরা এ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকার বিরুদ্ধে লড়বে।

ম্যাচে বিজয়ী দলের হাসানুর হ্যাটট্রিক করেন। দলের পক্ষে অপর গোলটি করেন শৈশব। অন্যদিকে সাতক্ষীরার পক্ষে দু’টি গোল করেন জহুরুল এবং সাহাবুদ্দিন।