টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচন স্থগিত
নির্বাচন কমিশন বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) পরবর্তী নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।
গত ১৮ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর প্রাপ্ত আপত্তিসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত পরীক্ষা - নিরীক্ষার পর নিষ্পত্তি করা সম্ভব না হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) এবং প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আযাদ বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের ঘোষণা দেন।
এর আগে নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু এবং সহ সভাপতি ও এশিয়ান টেবিল টেনিসের গভর্নিং বডির সদস্য ইশতিয়াক আহমেদ কারেনকে অর্ন্তভুক্ত করে ৬৭ জন কাউন্সিলরের তালিকা প্রকাশ করে।
ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী সাধারণ সম্পাদক এবং বিশ্ব অথবা এশিয়ান টেবিল টেনিসের গভর্নিং বডির যে কোন সদস্য সরাসরি কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন।
বিটিটিএফ গত ২৪ জানুয়ারি খসড়া তালিকা থেকে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবের ২৪ জন কাউন্সিলরকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক ও সহ সভাপতিসহ নতুন করে ২৫ জনের নাম চুড়ান্ত তালিকায় অর্ন্তভুক্ত করা সংক্রান্ত একটি আপত্তি দাখিল করে। এ ব্যাপারে বুধবার শুনানী অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত তালিকা বৃহস্পতিবার ঘোষণা করার কথা থাকলেও নির্বাচনই স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।
