তিনজাতি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃহস্পতিবার তিনজাতি ভিবি সিরিজের সপ্তম ম্যাচে অতিথি শ্রীলংকাকে সহজেই পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কার আট উইকেটে ২১৮ রানের জবাবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাঁচ উইকেট খুইয়ে জয় তুলে নেয়। নিয়মিত অধিনায়ক রিকি পন্টিং এই ম্যাচে না খেললেও সাইমন ক্যাটিচের অর্ধশতক এবং মিডল অর্ডারে ডেমিয়েন মার্টিনের কার্যকর ৪৬ রানে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে কোন বড় ধরনের পার্টনারশিপের অভাবে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে ব্যর্থ হয়। দলের বেশিরভাগ ব্যাটসম্যানই রান পেলেও ২১৮ রান তুলতেই আট উইকেট খোয়াতে হয় অতিথিদের।
বিপরীতে অসি বোলাররা ছিলেন দারুণ হিসেবী। রান আটকানোর পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিয়েছেন তারা।
শ্রীলঙ্কান ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান জেহান মুবারকের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মারভান আতাপাত্তু ৩২ এবং আরেক ওপেনার উপল থারাঙ্গা ৩১ রান করেন।
অসি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস নয় ওভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে ছিলেন সফল। নাথান ব্রাকেন এবং ব্রাড হগ নিয়েছেন দু’টি করে উইকেট।
জবাবে অস্ট্রেলিয়া ৭৩ রানে দুই উইকেট হরালেও ক্যাটিচ, মার্টিন এবং সাইমন্ডসের কার্যকরী ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। তবে স্বাগতিকদের সূচনাটা ছিল সাবলীল। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ঝড়ো গতিতে ৩৩ বলে পাঁচটি চার এবং একটি ছক্কায় ৩৪ রান তুলে নেন।
ক্যাটিচ ৫২ রান করে দিলশানের বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ দিকে অ্যান্ড্রু সাইমন্ডস এবং ডেমিয়েন মার্টিন ১১ ওভারে ৬০ রান তুলে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। মার্টিন ৪৬ রান করে মুরলিধরনের বলে বোল্ড হন।
বল হাতে তিন উইকেট শিকার এবং পরে মূল্যবান ৩২ রান অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এনে দেয়।
