রমজান মাসে এশিয়া কাপ আয়োজনে অনিচ্ছুক পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেপ্টেম্বরে এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তাছাড়া ভারতে অনুষ্ঠেয় তিনজাতি সিরিজেও পাকিস্তান অংশগ্রহন নেবে না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তানকে এ বছর এশিয়া কাপ আয়োজন করতে আমন্ত্রন জানালেও পিসিবি লিখিতভাবে তাদের অসম্মতি জানিয়ে দেয়। তবে পরের বছর টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব বলেও ইঙ্গিত দিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য নিউজ’ এ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এ বছর সেপ্টেম্বর -- অক্টোবরে (১৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজটি বাতিল হয়ে যাওয়ায় এ সময়টাতে একপ্রকার বিশ্রামেই থাকবে পাকিস্তান। এরপর ভারতে ৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহন করবে পাকিস্তান। কিন্তু শাহরিয়ার খান বলেছেন, এই সময়টাতে রমজান মাস পড়ে যাওয়ায় পাকিস্তান কোন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ইচ্ছুক নয়।
শাহরিয়ার বলেন, আমাদের পূর্ব প্রতিশ্র“তি অনুযায়ী আমরা রমজান মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ আয়োজনে বাধ্য ছিলাম, কিন্তু যেহেতু এখন জিম্বাবুয়ে আর আসছে না তাই আমরা ক্রিকেটারদের রমজান মাস পরিবারের সাথে কাটানোর অনুমতি দিতে চাচ্ছি। এর আগে পাকিস্তান ইংল্যান্ডে তিনমাসের সফর শেষে ১২ সেপ্টেম্বর দেশে ফিরবে।
এ বছর ১৬ ফেব্র“য়ারি থেকে পাকিস্তানেই এশিয়া কাপের আসর বসার কথা ছিল। টুর্নামেন্টকে সামনে রেখে টিভি সম্প্রচার স্বত্ত্ব এবং অন্যান্য স্পন্সরশীপও বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের অনাগ্রহের কারণে টুর্নামেন্ট বাতিল হয়ে যায়।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে আয়োজিত তিনজাতি সিরিজেও না খেলার বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন শাহরিয়ার খান।
