২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ একাডেমি

সিরাজুল্লাহ খাদেমের অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে অনুর্ধ-১৯ ক্রিকেটকারদের নিয়ে গড়া বাংলাদেশ একাডেমি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের দিবারাত্রি ম্যাচে সফররত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট দলকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ একাডেমির এটি টানা দ্বিতীয় জয়। এর আগে স্বাগতিক দল সোমবার প্রথম ম্যাচে সফরকারী দলকে ছয় উইকেটে হারিয়ে দেয়।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ একাডেমি নির্ধারিত ৫০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে। অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সিরাজুল ৫৭ ও শামসুল ৫৪ রান করেন।

আমিরাতের পক্ষে সমীর জিয়া ৪৩ রানে তিন উইকেট ও আরশাদ আলী ৫১ রানে দু’টি উইকেট লাভ করেন।

জয়ের জন্য ২৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইউএই দল আট বল বাকি থাকতেই ১৬৫ রানে অলআউট হয়ে যায়।

আমিরাতের পক্ষে ফাহাদ ওসমান অপরাজিত ৪৫ রানে করেন। এছাড়া আওসাফ আলী ৩৭ ও বশির বংশো ২৯ রান করেন।

সিরাজুল্লাহ ৩৫ রানে চারটি এবং রেজাউল ইসলাম ও ডলার যথাক্রমে ১৯ ও ৩৮ রানে দু’টি করে উইকেট লাভ করেন।