২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে হোঁচট খেল চ্যাম্পিয়ন ডিওএইচএস

চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস’র আগেভাগেই শিরোপা উৎসব পালনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিপুল অর্থ ব্যায়ে গঠিত নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে আশরাফুলের সোনারগাঁও ক্রিকেটার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ডিওএইচএস’র এই পরাজয়ে শিরোপা দৌড়ে ভালোভাবেই ফিরে আসলো সোনারগাঁও এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই দিন ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান পাঁচ উইকেটে ধরাশায়ী করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। ১৩ ম্যাচে সোনারগাঁও এবং মোহামেডানের সংগ্রহ ১৮ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্টেই স্থির রয়েছে ডিওএইচএস।

পরের খেলায় মোহামেডানকে হারালে এবং সোনারগাঁও ক্রিকেটার্স পরের খেলায় ব্রাদার্সের বিরুদ্ধে হেরে গেলে দুই ম্যাচ বাকি থাকতেই ডিওএইচএস’র শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

এই জয়ের মধ্য দিয়ে সোনারগাঁও লিগের প্রথম ম্যাচে ডিওএইচএস’র বিরুদ্ধে ৫৭ রানে পরাজয়ের মধুর প্রতিশোধও নিয়ে নিল। শোধ নিয়েছে মোহামেডানও। লিগ পর্যায়ের খেলায় ভিক্টোরিয়ার বিরুদ্ধে ৩৭ রানে হেরেছিল সাদাকালোরা।

বিকেএসপি - ২ মাঠে নাজমুস সাদাতের চমৎকার সেঞ্চুরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ১৩ ম্যাচে বিমানের সংগ্রহ ১৬ পয়েন্ট এবং ব্রাদার্সের ভান্ডারে জমা পড়েছে ১২ পয়েন্ট।

ডিওএইচএস বনাম সোনারগাঁও

প্রথম ব্যাট করতে নেমে ডিওএইচএস নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট খুইয়ে ২৬৫ রানের লড়াকু ইনিংস গড়ে। মোহাম্মদ শাহীন এবং ইনফর্ম স্টিভ টিকোলোর দু’টি অর্ধশতকে ভর করে এই রান করতে সক্ষম হয় চ্যাম্পিয়নরা।

১৮ রানে দুই ওপেনারকে হারালেও পরবর্তীতে তিনটি মূল্যবান পার্টনারশীপে বিপর্যয় থেকে রক্ষা পায় ডিওএইচএস। তৃতীয় উইকেট জুটিতে গোলাম রহমান (৪৪) এবং উইকেটরক্ষক শাহীন ৯৬ রানের পার্টনারশীপ গড়েন। এরপর চতুর্থ উইকেট জুটিতে টিকোলোকে সাথে নিয়ে শাহীন আরও ৪৯ রান যোগ করেন। শাহীন ৬০ রান করে রানআউটের শিকার হন।

পঞ্চম উইকেট জুুিটতে টিকোলো এবং মাঞ্জারুল ইসলাম রানা যোগ করেন আরও মূল্যবান ৭৩ রান। টিকোলো ৬৯ এবং রানা ৩৫ রান করেন।

সোনারগাঁওয়ের তাপস বৈশ্য ৫৮ রানে চার এবং ইলিয়াস সানী ও মোহাম্মদ রফিক একটি করে উইকেট লাভ করেন।

জবাবে সোনারগাঁও ক্রিকেটার্স ৪৬ বল বাকি থাকতেই চার উইকেটে ২৬৯ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে ভারতীয় শ্রীধরন শ্রীরাম, আল শাহরিয়ার রোকন এবং আশরাফুল হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

রোকন ৭৪, শ্রীরাম ৯৩ এবং আশরাফুল ৫৩ রান করেন। 

মোহামেডান বনাম ভিক্টোরিয়া

মুস্তাক এবং পাকিস্তানি রিক্রুট জাফর কোরেশীর দু’টি অর্ধশতকে ভর করে ভিক্টোরিয়া ৫০ ওভারে ছয় উইকেটে ২৪২ রান করে।

জাফর সর্বোচ্চ ৬৪ রান করার পথে বল খরচ করেন ৭২টি এবং পাঁচটি চার ও দু’টি ছক্কার মারও রয়েছে তার এই ইনিংসে। মুস্তাক ৫৩ বলে করেন ৫১ রান। এছাড়া নাসিরুদ্দিন ফারুক ৩৫, ফরহাদ রেজা অপরাজিত ৩২ এবং সবুজ ১৯ রান করেন।

শিরোপা প্রত্যাশী মোহামেডান ৪৮ দশমিক দুই ওভারে পাঁচ উইকেটেই ভিক্টোরিয়ার স্কোর টপকে যায়। মোহামেডানের ইনিংসেও হাফ সেঞ্চুরি হয়েছে দু’টি। খালেদ মাসুদ এবং ধীমান ঘোষ এই দু’টি অর্ধশতকের মালিক।

৬৩ রানে তিন উইকেট পতনের পর অধিনায়ক হাবিবুল বাশার এবং খালেদ মাসুদ চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রান করে দলের বিপর্যয় সামাল দেন। বাশার ৪০ রান করে আউট হয়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে ধীমানকে সাথে নিয়ে আরও ৭০ রান করে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন খালেদ মাসুদ। মাসুদ ৬৬ এবং ধীমান মাত্র ৩৬ বলে দ্রুতগতিতে ৫৮ রান করেন।

বিমান বনাম ব্রাদার্স

প্রথম ব্যাট করে বিমান ৫০ ওভারে আট উইকেটে ২৫৩ রানের লড়িয়ে পুঁজি গড়ে। নাজমুস সাদাত ১৩৭ বলে দশটি বাউন্ডারির মাধ্যমে ১০৪ রান করেন। সাজ্জাদ কাদির করেন ৪০ রান।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৫০ ওভারে আট উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়। মার্শাল আইয়ুব ৮৭ বলে ৭৫ এবং নাফিস ৮১ বলে ৫৪ রান করেন।

জাতীয় দলের বাদ পড়া পেসার মোহাম্মদ শরীফ ৫১ রানে তিন উইকেট শিকার করেন।