ইউএই’র বিরুদ্ধে দু’টি ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের নাম ঘোষণা
সফররত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট দলের বিরুদ্ধে দু’টি ওয়ানডের জন্য শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের বাংলাদেশ এ দলের নাম ঘোষণা করেছে। ঘোষিত দলে ছয় টেস্ট ক্রিকেটারও রয়েছেন।
ইউএই দল শনিবার ঢাকা এসে পৌঁছেছে এবং অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দু’টি একদিনের ম্যাচ খেলতে রোববার বগুড়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। অনুর্ধ্ব ১৯ দল শুক্রবারই বগুড়া চলে গেছে। কোমরের ইনজুরির কারণে গত সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে থাকা দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা এবং জন্ডিস থেকে সেরে ওঠা ব্যাটসম্যান আফতাব আহমেদও বিসিবি ঘোষিত দলে অর্ন্তভুক্ত হয়েছেন।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, ফেব্র“য়ারিতে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার আগে ক্রিকেটারদের পরখ করে নিতেই স্কোয়াডে তরুণ এবং জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হয়েছে। ২৯ অথবা ৩০ জানুয়ারি জাতীয় দল ঘোষণা করা হতে পারে। আর মাশরাফি এবং আফতাবকে দলে অর্ন্তভুক্ত মূল কারণ হচ্ছে দু’জনের ফিটনেস লেবেল যাচাই করে দেখা।
তাছাড়া প্রিমিয়ার ক্রিকেটে খেলা হচ্ছেনা বলেই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার- রাজিন সালেহ, তুষার ইমরান এবং শাহরিয়ার নাফিস। দলের নেতৃত্বে রয়েছেন রাজিন সালেহ। অন্যদিকে অনুর্ধ্ব ১৯ দলের দলনেতা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
সফরকারী ইউএই দল সোমবার ও মঙ্গলবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দু’টি ওয়ানডে খেলবে। ইউএই এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার অপর দু’টি ওয়ানডে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জানুয়ারি।
বাংলাদেশ এ দল: রাজিন সালেহ (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, গোলাম রহমান, আফতাব আহমেদ, তুষার ইমরান, ফরহাদ রেজা, অলক কাপালী, সগীর হোসেন (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক রাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, মাহবুবুল হক, শাফাক আল জাবির।
কর্মকর্তা: শ্যন উইলিয়ামস (কোচ), মিনহাজুল আবেদীন নান্নু (সহকারী কোচ), পল ক্লোজ (ফিজিও), এম সালাহউদ্দিন (কম্পিউটার এনালিষ্ট)।
