প্রথম বিভাগ ক্রিকেট লিগের শীর্ষে পারটেক্স
পারটেক্স স্পোর্টিং ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লিগে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষে উঠে গেছে। বিকেএসপিতে বৃহস্পতিবার ঘণ কুয়াশার কারণে কার্টেল ওভারের ম্যাচে পারটেক্স ৫৭ রানে হারায় গাজী ট্যাংককে।
১২ ম্যাচে ইয়ং পেগাসাসের সংগ্রহ ২৪ পয়েন্ট। অন্যদিকে গাজী ট্যাংক ১২ ম্যাচে সংগ্রহ করেছে ১৮ পয়েন্ট।
দিনের অন্যান্য ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, মেরিনার ইয়ংস ক্লাব এবং উত্তরা স্পোর্টিং ক্লাবও নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বিকেএসপিতে পারটেক্স প্রথম ব্যাট করে নির্ধারিত ৩৯ ওভারে সাত উইকেটে ১৯৭ রান করে। শাহ দ্বীপ সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া অপূর্ব রায় করেন ২৯ রান। জবাবে গাজী ট্যাংক ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নিয়াজ মোর্শেদ ২৪ রান করেন।
সিটি ক্লাব মাঠে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ১৬৪ রানে হারিয়েছে ইয়ং পেগাসাস বি দলকে। প্রথম ব্যাট করে যাত্রাবাড়ী পাঁচ উইকেটে ৩১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। আলী নিশান সর্বোচ্চ ৯৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক পাপ্পা ৭৮, ওপেনার জন ৪৯ রান করেন। পেগাসাসের আহাদ দুই উইকেট দখল করেন।
জবাবে ইয়ং পেগাসাস বি দল ১৫৪ রানেই গুটিয়ে যায়। মিন্টু সর্বোচ্চ ৩৫ রান করেন। বিজয়ী দলের ইউনুস ২২ রানে চার উইকেট নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মেরিনার ইয়ংস ক্লাব মাত্র এক রানে হারায় প্রান্তিক ক্রীড়া চক্রকে। প্রথম ব্যাট করে মেরিনার সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে। রানা হোসেন ৭৬ রান করেন। জবাবে প্রান্তিক নয় উইকেটে ২২৬ রান করতে সক্ষম হয়। অধিনায়ক সর্বোচ্চ ৭২ রান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে উত্তরা ক্লাব ছয় উইকেটে জয় পেয়েছে ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে।
ধানমন্ডি ক্লাব প্রথম ব্যাট করে নয় উইকেটে ২০৮ রান করে। আকতারুজ্জামান সর্বোচ্চ ৫৪ রান করেন। জবাবে উত্তরা ক্লাব চার উইকেটে ২১০ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের কোটন ৭৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার মনিরুজ্জামান করেন ৭২ রান।
