প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্স শুরু হচ্ছে শুক্রবার
একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের খেলা শুক্রবার থেকে রাজধানীর তিনটি ভেন্যুতে শুরু হচ্ছে। লিগের প্রথম পর্যায়ের খেলায় ক্রিকেটাররা চিরাচরিত সাদা পোশাক এবং লাল বল ব্যবহার করলেও সুপার সিক্সে সে জায়গা দখল করবে রঙিন পোশাক এবং সাদা বল।
পাঁচ রাউন্ডের সুপার সিক্সের খেলাগুলো অনুষ্ঠিত হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে। সুপার সিক্সের উদ্বোধনী দিনে ধানমন্ডি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। এছাড়া বিকেএসপি -- ২ মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে, ফতুল্লা স্টেডিয়ামে মুখোমুখি হবে বিমান এবং মোহামেডান।
সুপার সিক্সের পয়েন্ট প্রথম পর্বের পয়েন্টের সাথে যোগ করা হবে এবং সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে। বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তাদের পরই ভিক্টোরিয়ার অবস্থান। বিমান, মোহামেডান এবং সোনারগাঁও ক্রিকেটার্স সমান ১৪ পয়েন্ট করে সংগ্রহ করলেও বিমানের জয়ের পাল্লা ভারী থাকায় তৃতীয় স্থানটা তাদের দখলেই গেছে। এরপর রয়েছে মোহামেডান এবং সোনারগাঁও।
লিগে বিভিন্ন দলের হয়ে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা সুপার সিক্সের ম্যাচগুলোতেও অংশ নিতে পারবেন। ৪ ফেব্র“য়ারি থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন শিবির। সুপার সিক্সের খেলা শেষ হবে ২ ফেব্র“য়ারি।
এদিকে লিগের নীচের দিকের তিনটি দল- ইন্দিরা রোড ক্রীড়া চক্র (৬ পয়েন্ট), অগ্রনী ব্যাংক (৬ পয়েন্ট) এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে (২ পয়েন্ট) নিয়ে ২৪ জানুয়ারি থেকে শুরু হবে রেলিগেশন লিগের খেলা। তিন দলের মধ্য থেকে নীচের দু’টি দল আগামী বছর প্রথম বিভাগে নেমে যাবে।
