২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিবিঘ্নিত লাহোর টেস্টে সেঞ্চুরির দোরগোড়ায় শেওয়াগ

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের নি®প্রাণ উইকেটে প্রথম দুই দিন ব্যাটসম্যানরা বোলারদের মাথার উপর ছড়ি ঘোরালেও ম্যাচের তৃতীয় দিনের ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সারাদিনে খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। তবে বৃষ্টির মধ্যেও জ্বলে উঠেছে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগের ব্যাট।

একাদশ টেস্ট সেঞ্চুরি থেকে চার রান দুরে রয়েছেন শেওয়াগ, ৩৭ রান করে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দিনশেষে ভারত কোন উইকেট না হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে। 

সকাল থেকেই লাহোরের আকাশ মুখ ভার করে ছিল, সাথে ছিল ইলশেগুড়ি বৃষ্টি। এক পর্যায়ে ফ্লাইড লাইট জ্বালিয়ে খেলা চালাতে হয়। কিন্তু ফ্লাড লাইটের আলোতেও কুলিয়ে উঠতে না পেরে আম্পায়াররা আগেভাগেই লাঞ্চ বিরতির ঘোষণা দেন। লাঞ্চের পরও একই অবস্থা বিরাজ করায় তিন ওভার খেলার চলার পরই স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে আম্পায়াররা দুই প্রান্তের স্ট্যাম্পের বেল তুলে ফেলতে বাধ্য হন।

তবে বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও থেমে থাকেনি শেওয়াগের ব্যাট। আগের দিনের ৬৫ রান নিয়ে দিনের সূচনা করেন দুই অপরাজিত ব্যাটসম্যান শেওয়াগ (৩৬) ও দ্রাবিড় (২২)। অধিনায়ক নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও মারমুখী ছিলেন শেওয়াগ। পাকিস্তানি বোলারদের আগুন ঝরানো বোলিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ দ্রুততার সাথেই পৌঁছে যান অর্ধশতকে। দিনের প্রথম চার ওভারে ২৮ রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান। দিনশেষে ৮৯ বলে ২০টি বাউন্ডারির মাধ্যমে ৯৬ রানে অপরাজিত থেকে যান শেওয়াগ। অন্যপ্রান্তে অধিনায়ক দ্রাবিড় ৮৪ বলে পাঁচটি চারের সহায়তায় ৩৭ রান করে অপরাজিত রয়েছেন।

ফলোঅন এড়াতে ভারতকে ম্যাচের শেষ দুই দিনে আরও ৩৩৫ রান করতে হবে।