ক্রিকেট সংগঠক মানু আর নেই
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক যুগ্ম সম্পাদক এবং পরিচালক মাহমুদুল হক মানু (৫১) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে ইস্কাটনস্থ নিজ বাসভবনে বরেণ্য এই ক্রীড়া সংগঠক ইন্তেকাল (ইন্নানিল্লাহে...রাজেউন) করেন।
প্রবীন মুক্তিযোদ্ধা মানু মৃত্যুকালে স্ত্রী জেসমিন জামান, দুই ছেলে- মাহমুদুল শফিকুল বারী ও মাহমুদুল রাশিকুল বারী, বহু আত্মীয়স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর ইস্কাটন মসজিদে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি, ক্রিকেট বোর্ডের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, নির্বাচক ফারুক আহমেদ, আতাহার আলী, গোলাম নওশের প্রিন্স, সাবেক প্রধান নির্বাচক এনায়েত হোসেন সিরাজ, মাইনুল হক মাইনু, আলিউল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুসহ বিপুল সংখ্যক লোক বঙ্গবন্ধু স্টেডিয়ামে মরহুমের জানাজায় নেন। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়।
প্রখ্যাত ক্রীড়া সংগঠক মরহুম মাহমুদুল হক মানু ১৯৯২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইস্কাটন সবুজ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবং দেওয়ান শফিউল আরেফিন টুটুল ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে তিনি ২০০০ সালে বোর্ডের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এছাড়া মরহুম মানু দুই বছর (১৯৯৬ -- ৯৮) ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে ব্যবসায়ী, জনপ্রিয় এই সংগঠক ১৯৯১ সালে ক্রিকেট বোর্ডের একটি সাব কমিটির সদস্য হিসেবে প্রথম ক্রিকেট বোর্ডে তার পদচারনা শুরু করেন এবং ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি, ক্রিকেট বোর্ডের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, নির্বাচক ফারুক আহমেদ, আতাহার আলী, গোলাম নওশের প্রিন্স, সাবেক প্রধান নির্বাচক এনায়েত হোসেন সিরাজ, মাইনুল হক মাইনু, আলিউল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, এনামুল হক মনি, নাঈমুর রহমান দুর্জয় মাহমুদুল হক মানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ক্রিকেট সংগঠক মাহমুদুল হক মানুর আকস্মিক মৃত্যুতে বিসিবি রোববার গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় বিসিবি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
পৃথক এক শোক বার্তায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মানুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মঞ্জুরুল হক এবং সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও অন্যান্য ক্রীড়া সংগঠনও মানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
মরহুম মানুর কুলখানি মঙ্গলবার তার ইস্কাটনের বাসভবনে অনুষ্ঠিত হবে। একইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
