বাউচারের কাছে হারলো অস্ট্রেলিয়া
উদ্বোধনী ব্যাটসম্যান বোটা ডিপেনার এবং উইকেটরক্ষক মার্ক বাউচারের দু’টি অনবদ্য অর্ধশতকে ভর করে তিনজাতি ভিবি সিরিজের বৃষ্টিবিঘিœত দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়ার ২২৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট খুইয়ে ২৩১ রান করে জয় ছিনিয়ে নেয়। ডিপেনার ১১৫ বলে আটটি চারের মাধ্যমে ৭৪ রান করেন। বাউচার ৬২ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকা যখন জয় থেকে মাত্র পাঁচ রান দুরে তখনই বৃষ্টি এসে বাধ সাধে। অতিথিদের হাতে ছিল পাঁচ উইকেট। বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে কোন উইকেট না হারিয়ে নিরাপদেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়াসরা।
এর আগে সফরকারীদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এক পর্যায়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৮ রানের মান বাঁচানো ইনিংস গড়তে সক্ষম হয়। সপ্তম উইকেট জুটিতে ১২৩ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে দলের মান বাঁচানোর লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মাইক হাসি এবং ফাস্ট বোলার ব্রেট লি।
টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও পন্টিং নিজেসহ দলের ফ্রন্টলাইন ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীনভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসায় দলকে রক্ষা করার দায়িত্বটা হাসি এবং লি’র উপরই বর্তায়। তবে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটসম্যানরা যেমন তাদের ব্যর্থতার দায় এড়াতে পারেন না, তেমনি স্বাগতিকদের নাকাল করে ৭১ রানের মধ্যে ছয় উইকেট তুলে নেওয়ার কৃতিত্বটা অবশ্যই দক্ষিণ আফ্রিকার বোলারদেরই প্রাপ্য। বিশেষ করে অভিজ্ঞ বোলার শন পোলক এবং তরুণ অ্যান্ড্রু হলের কাছেই লুটিয়ে পড়ে বিশ্বচ্যাম্পিয়নদের সমস্ত প্রতিরোধ।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এবং সাইমন ক্যাটিচকে চার রানের মধ্যে সাজঘরে ফেরত পাঠিয়ে ধ্বংসযজ্ঞের সূচনাটা করেছিলেন পোলক। দু’জনই রানের খাতা খোলার আগেই পোলকের শিকারে পরিণত হন।
হাল ধরেছিলেন অধিনায়ক পন্টিং আর ডেমিয়েন মার্টিন। কিন্তু তাদের স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। নবম ওভারে আবারও আঘাত হানেন পোলক। আগের দুই উইকেটের মত মার্টিনকেও বোল্ড করেন তিনি। দলের ৬০ রানের মাথায় জনডেকির বলে কট অ্যান্ড বোল্ড হন অধিনায়ক পন্টিং (৩৩)।
আক্রমনে এসে অ্যান্ড্রু হল অল্প সময়ের মধ্যে অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ক ফিরে গেলে নীরব হয়ে যায় ব্রিসেবেনের গাবা স্টেডিয়াম। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি হাসি এবং ব্রেট লি। চমৎকার কিছু স্ট্রোক প্লে’র মাধ্যমে দু’জনে গ্যালারি মাতিয়ে রাখেন। দলকে ১৯৪ রানে পৌঁছে দিয়ে ক্রুগারের বলে বোল্ড হয়ে যান মাইক হাসি। যাওয়ার আগে ১০৮ বলে পাঁচটি চারের সহায়তায় ৭৩ রান করে যান তিনি। ব্রেট লিও পূরণ করেন অর্ধশতক। ৭২ বলে একটি চার এবং তিনটি বিশাল ছক্কায় ৫৭ রান করে রানআউটের শিকার হন লি। শেষ দিকে স্টুয়ার্ট ক্লার্ক ১৫ রান করে দলের রানকে কিছুটা বাড়াতে সাহায্য করেন। পোলকের পাশাপাশি অ্যান্ড্রু হলও নিয়েছেন তিন উইকেট।
