প্রিমিয়ার ক্রিকেটের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে সোমবার
ঈদের এক সপ্তাহ ছুটির পর সোমবার থেকে আবারও সরব হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। এদিন একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চুড়ান্ত ও একাদশ পর্বের ছয়টি খেলা অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন ভেন্যুতে।
বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস (১৮ পয়েন্ট), শিরোপা প্রত্যাশী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব (১৬ পয়েন্ট) এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৪ পয়েন্ট) ছয় দলের সুপার লিগে খেলা নিশ্চিত করলেও অপর তিনটি দলের জন্য চুড়ান্ত পর্বের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সুপার লিগে তিনটি দলের জায়গা খালি থাকলেও লড়াইতে রয়েছে চার দল। দলগুলো হচ্ছে- গতবারের রানার্স আপ সিটি ক্লাব (১২ পয়েন্ট), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (১২ পয়েন্ট), নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স (১২ পয়েন্ট) এবং ব্রাদার্স ইউনিয়ন (১০ পয়েন্ট)।
সোমবারের খেলায় যদি এই চার দলই নিজ নিজ খেলায় জয়ী হয় তবে স্বাভাবিকভাবে ব্রাদার্সকেই খালি হাতে ফিরতে হবে। কিন্তু ফলাফল ভিন্নরকমের হলে সবকিছুই তখন ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না, আর সেক্ষত্রে সুপার লিগে ওঠার লড়াইয়ে টিকে থাকা দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসবে।
সোমবার কুমিল্লা স্টেডিয়ামে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং রানার্স আপ সিটি ক্লাব। এছাড়া ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব বিকেএসপি -- ২ মাঠে লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে।
ইতমধ্যে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া আবাহনী লিমিটেড পয়েন্টশুন্য ওরিয়েন্ট ক্লাবের বিরুদ্ধে খেলবে বিকেএসপি -- ১ মাঠে, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিমান মুখোমুখি হবে জায়ান্ট কিলার কলাবাগানের এবং ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অগ্রনী ব্যাংক খেলবে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিরুদ্ধে।
