প্রধানমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছে ফুটবল ফেডারেশন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার আসন্ন প্রধানমন্ত্রী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করেছে।
স্থানীয় এবং বিদেশী ১২টি (আটটি বিদেশী এবং চারটি স্থানীয় দল) দলকে নিয়ে ২১ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে ফুটবল ফেডারেশন সভাপতি এস এ সুলতান এমপি জানিয়েছেন, বিভিন্ন কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে, তবে কয়েকমাস পর টুর্নামেন্টটি আবারও আয়োজন করা হবে।
তিনি আরও জানান, টুর্নামেন্ট স্থগিতের সংবাদ অংশগ্রহনকারী বিদেশী দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
ফেডারেশন সভাপতি টুর্নামেন্ট স্থগিতের কোন কারণ না জানালেও একটি বিশ্বস্ত সূত্র বিডিনিউজকে জানায়, তহবিল সংকটই টুর্নামেন্ট স্থগিতের মূল কারণ। সরকার টুর্নামেন্টের প্রস্তাবিত বাজেট বাবদ চার কোটি টাকা বরাদ্দে অপরাগতা প্রকাশ করায় এই বিপত্তি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কর্তৃত্ব ফিরে পাওয়ার পর গত বছর ৮ আগষ্ট ফুটবল ফেডারেশন ২০০৬ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী আর্ন্তজাতিক কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়।
সে সময় ফেডারেশন টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য ইরান, সিরিয়া, কাতার, সিঙ্গাপুর, আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, চীন, ভিয়েতনামসহ আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রন জানানোর কথাও জানিয়েছিল।
