২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা

টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সোমবার ব্রিসবেনে সফরকারীদের ৯৫ রানে ধরাশায়ী করেছে পন্টিং বাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ডেমিয়েন মার্টিন এবং অ্যান্ড্রু সাইমন্ডসের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে তিন উইকেট খুইয়ে ২০৯ রান তোলে। মার্টিন ৫৬ বলে সাতটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কার সাহায্যে ৯৬ রানের ঝড়োগতির ইনিংস খেলেন। সাইমন্ডসও প্রোটিয়াস বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালিয়েছেন। মাত্র ২৬ বলে ছয়টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

স্বাগতিকদের সূচনাটাও ছিল ভালো। উদ্বোধনী জুটিতে জেমস হপস এবং ডেমিয়েন মার্টিন ৫৭ রান তোলেন। হপস অবশ্য বেশিদুর এগোতে পারেননি। ১৭ রান করে পোলকের বলে ক্যালিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেতট জুটিতে মার্টিন এবং অধিনায়ক রিকি পন্টিংও বেধড়ক ব্যাট চালান। এই জুটিতে রান ওঠে ৪৬। পন্টিং ২৭ রান করে বোথার বলে পোলকের হাতে যখন ক্যাচ দেন তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০৩। এরপর মার্টিনের সাথে জুিট গড়েন অ্যান্ড্রু সাইমন্ডস। উইকেটের পতন ঘটলেও এই দুই ব্যাটসম্যানের রান তোলার গতি কমেনি এতটুকুও। বরং এই জুটিতেই রান ওঠে সবচে’ বেশি। দলের ১৮৭ রানে জনডেকির বলে গিবসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৮৪ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।

২১০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে সাত লেখা হতে না হতেই সাজঘরে ফেরেন বোটা ডিপেনার এবং হার্শেল গিবস। তৃতীয় উইকেট হিসেবে অধিনায়ক স্মিথ যখন আউট হন তখন দলের রান ৩৮।

পরবর্তীতে দলের এই প্রাথমিক বিপর্যয় আর সামাল দেওয়া সম্ভব হয়নি। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দলের সর্বোচ্চ রানের ইনিংসটি বেরিয়ে আসে উইকেটরক্ষক মার্ক বাউচারের ব্যাট থেকে। ২১ বলে পাঁচটি চারের সহায়তায় ২৯ রান করে ক্লার্কের বলে হেইডেনের হাতে ক্যাচ দেন বাউচার। এছাড়া পোলক ২৪ এবং স্মিথ ২২ রান করেন।

অস্ট্রেলিয়ার নাথান ব্রাঙ্কেন, লুইস, হপস এবং সাইমন্ডস দু’টি করে উইকেট দখল করেন।

চার রানের জন্যে সেঞ্চুরি মিস করলেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা ঠিকই পেয়েছেন মার্টিন।