ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ড্র করে অঘটন ঘটালো বারটোন এলবিয়ন
লিগ বহির্ভূত ক্লাব বারটোন এলবিয়ন এফএ কাপ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ১১বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী ইংল্যান্ডের প্রতাপশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ০-০ গোলে ম্যাচ ড্র করে অঘটন ঘটিয়েছে।
বারটোন ক্লাবের গোলকিপার সল ডিনি ছিলেন ম্যাচটির নায়ক। তিনি দৃঢ়তার সাথে পা দিয়ে ম্যান ইউ এর ফুটবলার জোন্সের ১২ গজ দুর থেকে মাপা নিচু শট বুদ্ধিমত্তার সাথে প্রতিহত করেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের বেশ কয়েকজন শীর্ষ ফুটবলারকে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। ম্যান ইউ এর অধিনায়ক গ্যারি নেভিল, রুড ভ্যান নিস্টেলরয়, রেইন গিগস এবং পল স্কোলস ম্যাচটিতে খেলেননি। তবে স্যার এলেক্স ফার্গুসন তার চৌকস ফুটবলার ওয়েন রুনি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ঠিকই মাঠে নামিয়েছিলেন।
ম্যাচের শুরু থেকেই বারটোন এলবিয়ন আক্রমণ চালিয়ে খেলতে থাকে। আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা ওয়েন রুনির দু’টি শট প্রতিহত করে দেন বারটোনের গোলকিপার। ইনজুরি সময়ে জোন্সের নিচু শট দর্শণীয়ভাবে ফিরিয়ে দেন গোলকিপার ডিনি।
বারটোন ক্লাবের সেন্ট্রাল ডিফেন্ডার ড্যারেন টিনসন এবং রেইন অস্টিন কোনভাবেই ম্যান ইউ এর স্ট্রাইকারদের নিজেদের রক্ষণভাগে প্রবেশ করতে দেননি।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম কর্নার পায় বারটোন এবং কর্নার থেকে প্রায় তারা গোল পেয়েই গিয়েছিল। কিন্তু ম্যান ইউ এর অভিজ্ঞ গোলকিপার বল এবং নেটের মাঝে বাঁধা হয়ে দাড়ান।
