২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে ফাইনালে টেনে তুলল এমেকা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার নিটোল-টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব এমেকার করা একমাত্র গোলে শিরোপাধারী ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লিগের ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

রোববার লিগের ফাইনাল ম্যাচে সাদা-কালো জার্সিধারীরা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে আবাহনী ২-১ গোল ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদকে হারায়।

নাইজেরিয় স্ট্রাইকার এমেকা খেলার ৪৭ মিনিটের মাথায় দলের পক্ষে মূল্যবান গোলটি করেন।

মোহামেডান অধিনায়ক আলফাজের হেড থেকে বল পেয়ে এমেকা গোলপোস্টের ৩৫ গজ দুর থেকে দূরপাল্লার একটি শট নেন। তার জোরালো শটটি গোলরক্ষকের মাথার উপর দিয়ে সরাসরি ব্রাদার্স ইউনিয়নের জালে জড়ায়।

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার দর্শকরা সাদা-কালো ও আকাশী রংয়ের জার্সিধারীদের মধ্যে একটি ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।

আবাহনী ও মুক্তিযোদ্ধার মধ্যেকার লিগের প্রথম সেমিফাইনালে খেলার মান দেখে উপস্থিত দর্শকরা কিছুটা হতাশ হলেও, শুক্রবার মোহামেডান ও ব্রাদার্সের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে উপস্থিত ১২ হাজারের মত দর্শককে হতাশ হতে হয়নি।

অবশ্য দুই দলের আক্রণাত্মক খেলার শেষটা হয় একটি অনাকাঙ্খিত ঘটনার মধ্য দিয়ে। রেফারি তায়েব হাসান ব্রাদার্সের বদলি মধ্যমাঠের খেলোয়াড় লিটনকে লালকার্ড দেখান।

খেলার চতুর্থ রেফারি মনসুর আসাদ খেলার দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম হিসেবে তিন মিনিট প্রদর্শন করার পর মোহামেডান ফ্রান্সিসকে মাঠ থেকে তুলে নিয়ে তার পরিবর্তে আসাদকে নামায়। এ সময় ব্রাদার্সের লিটন ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণের অভিযোগ করেন এবং রেফারি তায়েব ও সহকারি রেফারি মাহবুবুর রহমানকে রীতিমত মারধোর শুরু করে।

এ ঘটনার পর পরই রেফারি লাল কার্ড দেখিয়ে লিটনকে মাঠ থেকে বের করে দেন। ঘটনা সেখানেই শেষ হয়নি। ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সচিব সাব্বির আহমেদ আরিফ পুলিশের উপস্থিতিতেই সহকারি রেফারি মাহবুবুর রহমানের উপর তিন তিনবার চড়াও হন।

এ সব ঘটনারও পর রেফারি তায়েব পুনরায় খেলা শুরু করতে সমর্থ হন এবং মাত্র ৩০ সেকেন্ড পরই শেষ বাঁশি বাজান।

স্টেডিয়ামে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি বাড়াতে লিগ আয়োজক কমিটি বেশ কিছু বিকল্প পদক্ষেপ হাতে নেয়। মাঠে খেলার ফাঁকে ফাঁকে সঙ্গীতানুষ্ঠান ও সাংস্কৃতিক শো’র আয়োজন করা হয়।

শুক্রবার ব্রাদার্স ইউনিয়ন তুলনামূলকভাবে মোহামেডানের চেয়ে ভাল খেললেও কমলা রংয়ের জার্সিধারীদের স্ট্রাইকাররা গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি।

ব্রাদার্সের চার বিদেশী খেলোয়াড়- মরক্কোর হিশাম ইনানি, নাইজেরিয়ার স্ট্রাইকার ফেলিক্স, পল এবং মধ্যমাঠের জিলসান গোল করার কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও স্ট্রাইকাররা বল মোহামেডানের জালে পাঠাতে পারেনি।

অপরদিকে সাদা-কালো জার্সিধারীরা পুরো খেলায় মাত্র তিনটি সুযোগ পায়। তিনটির মধ্যে একটিকে তারা গোলে পরিণত করতে সমর্থ হয়।

খেলার ১৯ মিনিটের মাথায় ব্রাদার্সের আবুলের একটি জোরালো শট মোহামেডানের গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। এর মিনিট ছয়েক পরেই ব্রাদার্সের গোলরক্ষক আলী দক্ষতার সাথে গোলপোস্টের খুব কাছ থেকে করা ফ্রান্সিসের জোরালো শট প্রতিহত করেন।

প্রথমার্ধের গোল খরা কাটাতে দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় লাগেনি। দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মাথায় মোহামেডানের এমেকা ব্রাদার্সের গোলপোস্টের ৩৫ গজ দূর থেকে জোরালো শটের সাহায্যে দলের পক্ষে ও ম্যাচের একমাত্র মূল্যবান গোলটি করেন। 

গোল খাওয়ার পর ব্রাদার্স তাদের আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেয়। তারা মোহামেডানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে সমর্থ হয়। যার ফলশ্র“তিতে মোহামেডানের আটজন খেলোয়াড়কে ডিফেন্ডারের ভূমিকায় দেখা যায়।

খেলার ৬২ মিনিটের মাথায় ব্রাদার্স  খেলায় সমতা ফিরিয়ে আনার এক সহজ সুযোগ পায়। উইংগার পারভেজ বাবুর কাছ থেকে একটি বল জিলসান যখন পান, তখন জিলসানের সামনে কেবল মোহামেডানের গোলরক্ষক বিপ্লব। এই সহজ সুযোগটি আশ্চর্যজনকভাবে জিলসান নষ্ট করেন।

মোহামেডান গোল ব্যবধান একবার দ্বিগুন করার সুযোগ পায়। কিন্তু এমেকার একটি শট ব্রাদার্সের গোলরক্ষক আলী বামদিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন।

হলুদ কার্ড : মুন্না (মোহামেডান) ও ফেলিক্স (ব্রাদার্স ইউনিয়ন)।

লাল কার্ড : লিটন (ব্রাদার্স ইউনিয়ন)।

মোহামেডান: বিপ্লব, মাহমুদুল হাসান, পিটার ওদাফ (কামাল), নজরুল, রেজাউল করিম বিপ্লব, আরমান আজিজি, ডিভাইন, এমেকা, আলফাজ (নকীব) এবং ফ্রান্সিস (আসাদ)।

ব্রাদার্স ইউনিয়ন: এম আলী, ইবনুল সিরাজি (লিটন), মাসুদ রানা, পারভেজ বাবু, এম সুজন, অমিত খান শুভ্র, হিশাম ইনানি, আবুল হোসেন, জিসলান (এমিলি), ফেলিক্স এবং পল।