বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করা সংক্রান্ত দাবির বিরোধিতায় জার্মান চ্যান্সেলর
ইসরাইল সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ -এর বিতর্কিত বক্তব্য সত্ত্বেও বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবিরে বিরোধিতা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তার মতে প্রেসিডেন্টের বক্তব্যের কারণে খেলোয়াড়দের শাস্তি দেওয়াটা ভুল হবে।
মধ্যপ্রাচ্যে রক্তপাত এবং ধ্বংস এড়াতে ইসরাইলকে ইউরোপে সরিয়ে নেয়া উচিত, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এ বিষয়ে জার্মানির একটি দৈনিকের সাথে এক সাক্ষাৎকারে চ্যান্সেলর মার্কেল বলেন, ইরানকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে আমার আপত্তি রয়েছে। বিশ্বকাপ ফুটবল ইরানে অনুষ্ঠিত হচ্ছেনা, এটা সবার বোঝা উচিত। তাছাড়া ইরানের ফুটবলাররা তাদের প্রেসিডেন্টের মন্তব্যের দ্বারা প্রভাবিত নয়। আমি মনে করি, নিষিদ্ধ করার মাধ্যমে একটি দলকে শাস্তি দেওয়া কঠিন হবে।
এ বছরের ৯ জুন থেকে ৯ জুলাই জার্মানিতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে অংশগ্রহনকারী ৩২টি দলের মধ্যে ইরানও রয়েছে।
গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইসরাইল সম্পর্কে এই বক্তব্য প্রদান করেন। এর আগে অক্টোবরে আরেকটি বক্তব্যে তিনি ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলে তোলপাড় সৃষ্টি করেছিলেন।
ইরানের প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্যে বার্লিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সেখানকার বেশ কয়েকজন ফুটবল নেতা, বিরোধী গ্রিন পার্টি এবং মার্কেল নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন নেতাও বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করার দাবি তোলেন।
