চতুর্থ দল হিসেবে জাতীয় ফুটবলের সেমিতে মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চতুর্থ দল হিসেবে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সুপার লিগের শেষ খেলায় মুক্তিযোদ্ধা ৪-০ গোলে সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
মুক্তির হয়ে নাইজেরিয়ান ওদাফা ওকলো দু’টি এবং মরোক্কান মিডফিল্ডার রশিদি ও এনামুল একটি করে গোল করেন।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা মুক্তিযোদ্ধা সংসদ দ্বিতীয়ার্ধেই চার গোল আদায় করে নেয়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে তিন গোল করে হতাশায় ডুবিয়ে দেয় সেনাদলকে।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ মুখোমুখি হবে গ্র“প চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের। শুক্রবার দ্বিতীয় সেমিতে লড়বে ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
তিন ম্যাচে মোহামেডান এবং মুক্তিযোদ্ধা সমান আট পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল গড়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থান লাভ করে মোহামেডান।
চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও মুক্তির খেলোয়াড়রা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাছাড়া ইনজুরির কারণে প্লে-মেকার আরমান মিয়া এবং আগের ম্যাচের লাল কার্ড পাওয়ায় জেরিমিয়াহ মূল একাদশে না থাকায় নড়বড়ে লাইন আপ নিয়ে মাঠে নামে মুক্তিযোদ্ধা। দলের অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান স্ট্রাইকার হিসেবে মাঠে নামান এনামুল হককে।
চতুর্থ গোলের পর মুক্তিযোদ্ধা ঢিলেঢালাভাবে খেললেও সেনাবাহিনীর খেলোয়াড়রা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
খেলার ১৫ মিনিটে সেনাশিবিরে প্রথম আক্রমন চালায় মুক্তিযোদ্ধা। রাইট স্টপার টিটু সেনাদলের গোলরক্ষক মনিরুলের মাথার উপর দিয়ে বল ভাসিয়ে দিলেও বল গিয়ে লাগে ক্রসপিসে, ফিরতি বল কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিজানুর।
২২ মিনিটে বিদ্যুতের কর্নার কিকে ঘানসা মাথা ছোঁয়ালেও বল গোলে ঢোকার মুহূর্তে ক্লিয়ার করেন সেনা ডিফেন্ডার মাসুদ কামাল।
গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। ৫৮ মিনিটে প্রথম গোল পায় মুক্তি। কাঞ্চনের বাড়িয়ে দেওয়া থ্রু ধরে বল জালে জড়িয়ে দেন এনামুল। এক মিনিট পরই প্লেসিং শটে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন ওদাফা। ৬১ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন ওদাফা।
খেলার শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে চতুর্থ গোলটি করেন মিডফিল্ডার রশিদি। রজনীর কাছ থেকে বল পেয়ে সেনার গোলরক্ষক মনিরুলের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন রশিদি।
