পন্টিংয়ের দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া
অসি দলপতি রিকি পন্টিং দুর্দন্ত হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দলকে ম্যাচে ফিরিয়ে এনে নিজের শততম টেস্টটি স্মরণীয় করে রাখলেন।
মধ্যাহ্ন ভোজ বিরতির আগে অসি অধিনায়ক পন্টিং ৬৯ করে অপরাজিত থাকেন। পূর্বের দিনের ৫৪/৩ স্কোর নিয়ে খেলতে নেমে বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ১২৪ রান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিরতির আগে অসি ব্যাটসম্যান মাইক হাসির বিরুদ্ধে প্রোটিয়াস নেল এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করলেও পাকিস্তানি আম্পায়ার আলিম দার ব্যাটসম্যানের পক্ষে সিদ্ধান্ত দেন। হাসি ১৩ নিয়ে ক্রিজে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে গড়া ৪৫১/৯ স্কোর থেকে অস্ট্রেলিয়া এখনো ৩২৭ রান পিছিয়ে আছে। ফলোঅন এড়াতে অসিদের এখনো প্রয়োজন ১২৮ রান।
সামান্য বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। কিন্তু পন্টিং দিনের শুরু থেকেই দলীয় স্কোর সচল রাখার জন্য বাউন্ডারি হাঁকান।
প্রোটিয়াস অভিজ্ঞ ফাস্ট বোলার শন পোলকের একটি বল মিড-অনে পাঠিয়ে পন্টিং সাবেক সতীর্থ মার্ক ওয়াহর ৮,০২৯ রান যা কোন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান, টপকে যান। অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন এলান বর্ডার এবং দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ ওয়াহ।
এরপরের ওভারেই ল্যাঙ্গাভেল্টের একটি বল থেকে রান নিয়ে পন্টিং নিজের ৩৩তম হাফ-সেঞ্চুরিটি তুলে নেন।
পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র করে এবং দ্বিতীয় টেস্টে জয় লাভ করে। সিরিজ নিজেদের দখলে রাখার জন্য এখন তাদের প্রয়োজন ম্যাচ ড্র করা।
