দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পন্টিংয়ের দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে বুধবার অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরিতে স্বাগতিক অস্ট্রেলিয়া লড়াইয়ে ফিরেছে।
অসি অধিনায়ক ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে ১২০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো ৮৬ রান স্বাগতিকদের ৩৫৯ রানের সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করে। এর আগে অস্ট্রেলিয়া আগেরদিনের ৩ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করে।
দক্ষিণ আফ্রিকা ৯২ রানের লিড পেয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসে তারা ৪ রান তুলতেই এক উইকেট হারিয়ে ফেলেছে। এবি ডিভিলিয়ার্স দিনের শেষ বলে ব্রেট লি’র এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। প্রোটিয়াস ক্যাপ্টেন গ্রায়েম স্মিথ তিন রানে অপরাজিত রয়েছেন।
পন্টিং ও গিলক্রিস্ট দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশায় ডুবিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে সফরকারীদের লিডটা আরো বড় হতে পারত।
পন্টিং তার শততম টেস্ট খেলে কলিন ক্রাউডি, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট এবং ইনজামামদের পাশে এসে দাঁড়িয়েছেন।
পন্টিং ১৪৩ বল খেলে ২১৫ মিনিট ক্রিজে থেকে তার ২৭তম সেঞ্চুরিটি পূরণ করেন।
চা বিরতির আগে পন্টিং জ্যাক ক্যালিসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হওয়ার পর পরই সাইমন্ডস ১২ রানে ও শেন ওয়ার্ন কোনো রান না করেই মাঠ ছাড়েন। এ সময় অস্ট্রেলিয়ার স্কোর ২২৬/৭। ফলোঅন এড়াতে তাদের তখনও ২৬ রান বাকি ছিল।
কিন্তু গিলক্রিস্ট ১০টি চার ও দুটি ছয়ের মারে ১০৯ বলে ৮৬ রান তুলে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধার করেন।
ব্রেট লির সাথে তিনি ৩৭ রানের মূল্যবান জুঁটি গড়ে তোলেন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে নেইল ছিলেন সবচে’ সফল। তিনি ৮১ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।
