প্রোটিয়াসদের বিরুদ্ধে টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ খেলবেন না ম্যাকগ্রা, লী, গিলক্রিস্ট
আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টুয়েন্টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লী এবং উইকেটকিপার এডাম গিলক্রিস্টকে।
অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান ট্রেভর হন্স জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় টুয়েন্টি২০ ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
হন্স বলেন, “টুয়েন্টি২০ ক্রিকেট এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আমরা চেষ্টা করছি ওয়ান ডে স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে খেলানোর জন্য। ব্রেট লী, ম্যাকগ্রা ও এডাম গিলক্রিস্টকে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের আগে বিশ্রাম দেওয়ার জন্য নির্বাচন করা হয়নি।”
সাথে সাথে হন্স জানিয়েছেন, এডাম গিলক্রিস্টের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাইক হাসি।
টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচটি খেলা হবে ব্রিসবেনে নয়ই জানুয়ারি।
অসি দল : রিকি পন্টিং (অধিনায়ক), ব্রেড হগ, সিমন কার্টিজ, ডেমিয়েন মার্টিন, এন্ড্রু সাইমন্ড, মাইকেল ক্লার্ক, মাইক হাসি (সহঅধিনায়ক), জেমস হোপস, নার্থান ব্রেকিন, স্টুয়াট ক্লার্ক, মিক লুইস, মিশেল জনসন।
