২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের প্রথম সেমিতে বৃহস্পতিবার আবাহনী-মুক্তিযোদ্ধা মুখোমুখি

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দেশের দুই ফুটবল পরাশক্তি আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলা শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

সেমিফাইনালকে ঘিরে দু’দলই জয়ের প্রত্যাশা করছে। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রূপুর ভাষ্য, যেহেতু আবাহনী এখন পর্যন্ত মৌসুমের কোন শিরোপা ঘরে তুলতে পারেনি বিধায় জাতীয় লিগের শিরোপাই এই মুহূর্তে তাদের প্রধান টার্গেট। তাছাড়া প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকেই দলের ফুটবলাররাও ভালো খেলছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, বড় ম্যাচে যেহেতু গোল করার সুযোগ কম পাওয়া যায়, ফলে ফুটবলারদের প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

সেইসাথে সেমিফাইনালে দলকে উৎসাহ যোগাতে আবাহনীর সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রূপু।

মুক্তিযোদ্ধার কোচ জর্জ কোটান জানিয়েছেন, সেমিফাইনালে তার দলের ভালো খেলার মূলেই রয়েছে আবাহনীর মত প্রতিপক্ষ। তাছাড়া আবাহনীর বিরুদ্ধে তার দল জয়ের জন্যে মুখিয়ে রয়েছে বলে জানান অস্ট্রিয়ান এই কোচ। 

কিন্তু মুক্তিযোদ্ধাকে মাঠে ফর্মে থাকা আবাহনীর বিরুদ্ধে কঠিন লড়াই করতে হবে। কারণ সেমিফাইনালে প্লে--মেকার আরমান মিয়া এবং আমিন রানার কার্যকর সার্ভিস থেকে বঞ্চিত হবে মুক্তিযোদ্ধা।   

আরমান মিয়া পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই ভুগছেন হাঁটুর ইনজুরিতে, অন্তত দুই মাস ফুটবল থেকে দুরে থাকতে হবে এই প্লে-মেকারকে। অন্যদিকে ভাঙ্গা আঙ্গুল নিয়ে মাঠের বাইরে আমিন রানা।

এছাড়া মুক্তির হয়ে খেলা ইনজুরি আক্রান্ত জাতীয় দলের স্টপার ফিরোজ মাহমুদ টিটু এবং রোকনুজ্জামান কাঞ্চনের সেমিফাইনাল খেলা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ডের খাড়ায় পড়ে দুই ম্যাচে নিষিদ্ধ হওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার জেরিমিয়াহ’র শাস্তি কমিয়ে আবাহনীর বিরুদ্ধে খেলার অনুমতি দেওয়ার জন্যে আবেদন করেছে মুক্তিযোদ্ধা।

সব মিলিয়ে অনেকটা নড়বড়ে লাইন আপ নিয়ে আবাহনীর বিরুদ্ধে মাঠে নামছে মুক্তিযোদ্ধা। তবে দুই ম্যাচের সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন মুক্তির ঘানার স্ট্রাইকার চার্লস ঘানসা।

অন্যদিকে আবাহনীর স্টপার ওয়ালী ফয়সাল ইনজুরিতে থাকলেও বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন রূপু। এছাড়া ধানমন্ডি অভিজাত পাড়ার দলটি তাদের পুরো শক্তি নিয়েই ফাইনালে ওঠার অভিযানে নামবে।

দু’দলের মধ্যে এটা হবে মৌসুমের ষষ্ঠ লড়াই। মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিবস ফুটবল এবং প্রিমিয়ার লিগে দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনীর বিরুদ্ধে। অন্যদিকে আবাহনীও রাজশাহীতে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস ফুটবল এবং প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। এছাড়া চলতি জাতীয় লিগে কক্সবাজার রাউন্ডে দু’দলের মধ্যকার পঞ্চম লড়াইটি গোলশুন্য ড্র হয়।