২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের ফাইনাল মাতাবেন ক্লোজ আপ ওয়ানের শিল্পীরা

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের ফাইনাল ম্যাচে গ্যালারিভর্তি দর্শক লাভের আশায় ক্লোজ আপ ওয়ানের শীর্ষ দশ শিল্পীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে লিগ কমিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মদ ফাইনাল খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

জাতীয় ফুটবলের ম্যাচগুলোতে দর্শকশুন্য গ্যালারিই আয়োজকদের মাঠে দর্শক টানার এই নতুন ‘বিকল্প’ পরিকল্পনা গ্রহণের মূলে কাজ করেছে।

ফুটবল ফেডারেশন ভবনে বুধবার গণমাধ্যমগুলোর সাথে মতবিনিময়কালে উদ্ভাবিত বিকল্প পরিকল্পনার কথা জানালেন লিগ কমিটির চেয়ারম্যান মাতলুব আহমাদ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ফাইনাল খেলা শেষে ক্লোজ আপ ওয়ান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

সেমিফাইনাল এবং ফাইনালে দর্শকদের জন্যও রয়েছে র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা আর রয়েছে আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে মোট পাঁচটি পুরস্কার দেওয়া হবে উপস্থিত দর্শকদের। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি মোটরসাইকেল। এছাড়া দ্বিতীয় পুরস্কার একটি ভিআইপি ব্রান্ডের লাগেজ, তৃতীয় পুরস্কার একই ব্রান্ডের একটি স্যুটকেস, চতুর্থ পুরস্কার একটি টুইনওয়ান এবং পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে একটি ওয়াকম্যান।

লিগ কমিটি এবং পৃষ্ঠপোষক নিটল টাটার চেয়ারম্যান মাতলুব আহমাদ চ্যাম্পিয়ন দলের জন্যে একটি  সিএনজি  চালিত টাটা ইন্ডিকা মোটর কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিরোপা বিজয়ী দল লিগ কমিটির কাছ থেকে প্রাইজমানি বাবদ পাঁচ লাখ টাকা লাভ করবে। রানার্স আপ দল পাবে চার লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫০ হাজার টাকা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ২৫ হাজার ও সেরা রেফারিকে ১০ হাজার টাকা দেওয়া হবে। টুর্নামেন্টের সুশৃংখল দলের জন্যও রয়েছে একটি ফেয়ার প্লে ট্রফি।