২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে বৃহস্পতিবার ডিওএইচএস-বিমান ম্যাচ

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডকে পরাজয়ের তেতো স্বাদ দেওয়া শীর্ষ দল ওল্ড ডিওএইচএস বৃহস্পতিবার নবম রাউন্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখোমুখি হচ্ছে। খেলাটি বিকেএসপি-২ মাঠে অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ওল্ড ডিওএইচএস আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতমধ্যে সুপার লিগ নিশ্চিত করলেও বিমানকে হারিয়ে তাদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে বদ্ধপরিকর।

অন্যদিকে ব্রাদার্স এবং ভিক্টোরিয়ার বিরুদ্ধে দু’টি পরাজয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে বিমান অবস্থান করছে তৃতীয় স্থানে। চ্যাম্পিয়নদের হারিয়ে বিমানও সুপার লিগ নিশ্চিত করতে চাচ্ছে।

পরপর দুই ম্যাচে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবও বৃহস্পতিবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গতবারের রানার্স আপ সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া। আর মোহামেডানকে হারিয়ে সুপার লিগের পথ খুঁজতে চায় সিটি ক্লাব। দু’দলই দশ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

দিনের অন্যান্য খেলায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেড (ছয় পয়েন্ট) লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের (১৪ পয়েন্ট) বিরুদ্ধে। বিকেএসপি--১ মাঠে সোনারগাঁও ক্রিকেটার্স (আট পয়েন্ট) খেলবে অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন (আট পয়েন্ট) এবং পয়েন্টশুন্য ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

কুমিল্লা স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্র খেলবে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিরুদ্ধে।