২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে জাতীয় ফুটবলের ফাইনালে আবাহনী

অতিরিক্ত সময়ে অধিনায়ক আরিফ খান জয় এবং আবদুল্লাহ পারভেজের দুই গোলের সুবাদে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার আবাহনী লিমিটেড ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিরুদ্ধে একই ভেন্যুতে রোববার ফাইনালে লড়বে আবাহনী লিমিটেড।  

দেশের অন্যতম দুই দলের মধ্যে সেমিফাইনালের লড়াইয়ে যেরকম প্রতিদ্বন্দ্বিতার আশা করা হয়েছিল তার কোনও লক্ষণই দেখা যায়নি। নির্ধারিত সময় গোলশুন্যভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি গোল হয়।

অতিরিক্ত সময়ের ২২ মিনিটে আবাহনীর অধিনায়ক আরিফ খান জয় হেডের মাধ্যমে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিট পরই কোনাকুনি শটে দ্বিতীয় গোল করেন আবদুল্লাহ পারভেজ। চার মিনিট পর সাইডভলির মাধ্যমে মুক্তিযোদ্ধার হয়ে একটি গোল পরিশোধ করেন নাইজেরিয় মিডফিল্ডার ওদাফা ওকলো।

জাতীয় লিগের সাবেক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এই জয়ের মধ্য দিয়ে শুধু ফাইনালই নিশ্চিত করেনি, একইসাথে টানা ১৮ ম্যাচ অপরাজিতও রয়েছে (প্রিমিয়ার লিগে দশ এবং চলতি জাতীয় লিগে আট ম্যাচ)। গত বছর ৭ জুলাই ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ১-২ গোলে শেষবার হারের মুখ দেখেছিল আবাহনী।

কিন্তু সেমিফাইনালে এসেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয় ফর্মের তুঙ্গে থাকা আবাহনীকে। জয়ের জন্য রীতিমত ঘাম ঝরানো পরিশ্রম করতে হয় দলের খেলোয়াড়দের। তবে ম্যাচে বল দখল এবং আক্রমন চালানোর দিক থেকে এগিয়ে ছিল তারাই।

অন্যদিকে প্লেমেকার আরমান মিয়া, আমিন রানা এবং স্ট্রাইকার জেরিমিয়াহ’র অনুপস্থিতিতে নড়বড়ে লাইন আপ নিয়ে মাঠে নামে জর্জ কোটানের দল। অস্ট্রিয়ান এই কোচ স্ট্রাইকার হিসেবে এনামুলকে মাঠে নামালেও তার সুযোগ নষ্ট করার মহড়ায় হতাশ মুক্তিযোদ্ধা শিবির।

প্রথমার্ধে আবাহনী তাদের চিরাচরিত খেলা উপহার দিতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই স্ব-মূর্তিতে আর্বিভূত হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। বিশেষ করে এই অর্ধে মেহেদী হাসান উজ্জ্বলের পরিবর্তে খেলতে নামা আবদুল্লাহ পারভেজকে পেয়ে যেন রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠে ধানমন্ডির দলটি।  

নির্ধারিত সময়ে ঢাকার দুই বড় দলের হতাশাজনক খেলা মাঠে উপস্থিত হাজার দুয়েক দর্শকের মন ভরাতে না পারলেও অতিরিক্ত সময়ে দুই দলের আক্রমন-পাল্টা আক্রমন এবং তিন গোলের মধুর স্মৃতি নিয়ে শেষ পর্যন্ত ঘরে ফেরেন তারা।  

অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে গোল হজম করার সম্ভাবনা থেকে বেঁচে যায় আবাহনী। কিন্তু মুক্তিযোদ্ধার টিটুর শটটি গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দলকে সে যাত্রা সমূহ বিপদ থেকে রক্ষা করেন আবাহনীর দীর্ঘদেহী ডিফেন্ডার মার্শাল। দুই মিনিট পর ফরহাদের শট মুক্তির ক্রসবারে লেগে ফিরে গেলে হতাশ হতে হয় আবাহনীর সমর্থকদের।

অবশেষে গোলখরা কাটান আবাহনীর অধিনায়ক আরিফ খান জয়। আবদুল্লাহ পারভেজের কাছ থেকে বল পেয়ে আবাহনীন ঘানার স্ট্রাইকার আউদু ইব্রাহিম মুক্তির গোলরক্ষক আমিনুলকে একা পেয়েও পরাস্ত করতে ব্যর্থ হন। কর্নার লাভ করে আবাহনী। আবদুল্লাহ পারভেজের কর্নার কিকে মাথা ছুঁয়ে দলকে প্রথম গোল উপহার দেন জয়।

২৪ মিনিটে পাল্টা একটি আক্রমন থেকে কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আবদুল্লাহ পারভেজ।

আবাহনীর দ্বিতীয় গোলের চার মিনিট পরই একটি গোল পরিশোধ করে মুক্তিযোদ্ধা। আবাহনীর সীমানায় টিটুর পাস থেকে বল পেয়ে বাঁকানো শটে গোলরক্ষক নিজামকে পরাস্ত করেন ওদাফা।

ম্যাচ পরবর্তী ব্রিফিংয়ে মুক্তিযোদ্ধার কোচ জর্জ কোটান বাজে রেফারিংয়ের অভিযোগ করে জানান, তার দল একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে।

অন্যদিকে বেশ কয়েকটি টুর্নামে,ন্টের ফাইনালে আুঠতে ব্যর্থ আবাহনীর জন্য এই জয়টা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন আবাহনীর অধিনায়ক জয়।

আবাহনী লিমিটেড- নিজাম, ওবায়দুর, প্রদীপ, মার্শাল, ওয়ালী ফয়সাল (লাজুক), ইগির মোহাম্মদ (টিপু), জয়, এনডেম, ফরহাদ, ইব্রাহিম, উজ্জ্বল (পারভেজ)।

মুক্তিযোদ্ধা সংসদ- আমিনুল, টিটু, ঘানসা, রজনী, দীন মোহাম্মদ, হাসাণ আল মামুন, ওদাফা, রশিদি, বিদ্যুৎ (সাইফ), এনামুল হক ও কাঞ্চন (তানভীর)।