জাতীয় হকির সেমিফাইনাল শনিবার
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে সুপার সিক্সের খেলায় গতবারের চ্যাম্পিয়ন সেনাবাহিনী ড্র করলেও বড় জয় পেয়েছে রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
সেমিফাইনালে ফরিদপুর লড়বে ঢাকার বিরুদ্ধে এবং সেনাবাহিনী খেলবে রাজশাহীর বিরুদ্ধে।
দিনের প্রথম ম্যাচে গতবারের রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে দুই দল সমানতালে লড়াই করে এবং একটি করে গোল আদায় করে নেয়।
বিজয়ী দলের হয়ে দু’টি গোল করেন জাতীয় দলের খেলোয়াড় মুসা মিয়া। এছাড়া শহিদুল্লাহ টিটু, হাসান আহমেদ ও প্রশান্ত কুমার একটি করে গোল করেন। রাজশাহীর পক্ষে একটি গোল পরিশোধ করেন আশরাফুল ইসলাম শিশু।
বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মধ্যেকার দ্বিতীয় ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
