সাফ ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ভুটানের বিরুদ্ধে
পাকিস্তানে ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চতুর্থ সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে।
ঢাকায় বৃহস্পতিবার প্রাপ্ত তথ্যে জানা যায়, করাচিতে ৮ ডিসেম্বরের পরিবর্তে সাফ ফুটবল মাঠে গড়াবে ৭ ডিসেম্বর।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (সাফ) নির্বাহী সভায় টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গনেশ থাপা। সভায় আরও উপস্থিত ছিলেন, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ সভাপতি মনিলাল ফার্নান্ডো, সাধারণ সম্পাদক পিটার ভেল্লাপন, সাফ’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু এবং সাফভুক্ত আটটি দেশের প্রতিনিধি।
সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ বি গ্রুপে ভারত, নেপাল এবং ভুটানের সাথে খেলবে। অন্যদিকে এ গ্রুপে খেলবে গতবারের রানার্স আপ মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলংকা এবং আফগানিস্তান।
৭ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দু’টি ম্যাচের একটিতে স্বাগতিক পাকিস্তান খেলবে শ্রীলংকার বিরুদ্ধে। অপর ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও আফগানিস্তান। উল্লেখ্য, আফগানিস্তান এবারই প্রথমবারের মত সাফ ফুটবলে অংশ নিচ্ছে।
আপাতদৃষ্টিতে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে। গ্রুপে দু’টি ম্যাচ জিতে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গতবারের রানার্স আপ মালদ্বীপ, স্বাগতিক পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে বি গ্রুপ পরিনত হয়েছে শক্ত গ্রুপে। এই গ্রুপে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তিন দলের মধ্য থেকে যে কোন একটি দলকে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হবে।
সাফ ফুটবলের এর আগের তিনটি আসরের দু’টিতেই (১৯৯৭, ১৯৯৯) শিরোপা জয় করে ভারত। ২০০৩ সালে তৃতীয় আসরের শিরোপা জয়ী বাংলাদেশ। তবে ১৯৯৫ সালে সার্ক গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।
