২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লিনটফের বক্তব্যের বিরোধিতা করে গাঙ্গুলির পাশে দাঁড়ালেন গাভাস্কার

ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার বৃহস্পতিবার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফের বক্তব্যের বিরোধিতা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 10:27 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের মূল নায়ক ফ্লিনটফ বৃহস্পতিবার গাঙ্গুলি সম্পর্কে অভিযোগ করে বলেন, তিনি একজন স্বার্থপর ও অলস ক্রিকেটার।

২০০০ সালে ইংলিশ কাউন্টিলিগের ক্লাব ল্যাংকাশায়ারের পক্ষে ফ্লিনটফ ও গাঙ্গুলি এক সাথে খেলেন। ফ্লিনটফ তার আত্মজীবনী ‘বিয়িং ফ্রেডিতে’ সৌরভের সমালোচনা করেন।

ফ্লিনটফ লিখেছেন, একজন ক্রিকেটারের পারফরম্যান্স ভাল না হলে তাকে দলে রাখা উচিত নয়। কারণ আমরা সকলে ক্যারিয়ারে চড়াই-উৎরাই দেখেছি। কিন্তু গাঙ্গুলি এসব তোয়াক্কা না করে দলের সাথে থাকতে চান। তিনি অন্য ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহী নন এবং অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দলের সব ক্রিকেটার একদিকে আর গাঙ্গুলি একা একদিকে। সে এমন ভাব করত যেন সেই রাজা।

সুনীল গাভাস্কার ফ্লিনটফের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, গাঙ্গুলি মূলত একটি অভিজাত পরিবার থেকে এসেছে, আসলে তার ডাক নাম মহারাজ, হিন্দিতে যার অর্থ দাঁড়ায় রাজা। কিন্তু আমি তা মনে করি না। আমি তাকে ছোট থেকে দেখেছি তাই বলতে পারি সে একজন পরিশ্রমী ক্রিকেটার। সে নেটে ব্যাটিং ও বোলিং প্রাকটিস করতে পছন্দ করে।

গাভাস্কার আরও বলেন, এ মৌসুম ভারতীয় দল ব্যস্ত সময় অতিক্রম করবে। ভারতীয় দল ১২টি ওয়ান ডে ম্যাচ খেলবে, এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতটি, দক্ষিণ আফিকার বিরুদ্ধে পাঁচটি। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আমরা আশা করি সব কিছু ঠিকঠাক মতই হবে।

গাভাস্কার বর্তমানে আসন্ন সুপার সিরিজে আইসিসি বিশ্ব একাদশ দলের দিক নির্দেশনা দেওয়ার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন।