২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট লিগে দল খুঁজে পাননি পুলের দুই ক্রিকেটার

আসন্ন কর্পোরেট ক্রিকেট লিগে খুব সম্ভবত খেলা হচ্ছেনা জাতীয় দলের স্পিনার এনামুল হক জুনিয়র ও পেসার আনোয়ার হোসেন মনিরের। মঙ্গলবার খেলোয়াড়দের দলবদলের শেষ দিনেও পুলের দুই সদস্য দল খুঁজে না পাওয়া এমন আশংকা দেখা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে কর্পোরেট ক্রিকেট লিগ।

২০ সদস্য বিশিষ্ট পুলের মধ্য থেকে শুধুমাত্র এনামুল ও মনি ছাড়া ইতিমধ্যে ১৬ জনই তাদের ঠিকানা খুঁজে নিয়েছেন। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারকে নিয়েই মূলত পুল গঠন করা হয়েছে।

পুলভুক্ত দুই পেসার তাপস বৈশ্য ও মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে থাকায় তাদের দু’জনকে এই মুহূর্তে বিবেচনা আনা হচ্ছে না। তবে কর্পোরেট লিগে আংশগ্রহনের আগে জাতীয় দলের ফিজিও পল ক্লোজের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট অর্জন করতে হবে দু’জনকে।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক ও জাভেদ ওমর অ্যাকমি ল্যাবরেটরিজে, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, তালহা জুবায়ের ও আব্দুর রাজ্জাক বেক্সিমকোতে এবং ওপেনার নাফিস ইকবাল এমএম ইস্পাহানীতে যোগ দিয়েছেন। এছাড়া পুলভুক্ত খালেদ মাসুদ আরাফ অ্যাপারেলস, সৈয়দ রাসেল বিমান বাংলাদেশ, খালেদ মাহমুদ, আফতাব আহমেদ ও মাঞ্জারুল ইসলাম রানা গাজী ট্যাংকস, শাহরিয়ার নাফিস ও শাহাদত হোসেন রাজীব ইপিলিয়ন গ্রুপের হয়ে সাইন করেন।

দল খুঁজে না পাওয়ায় হতাশ এনামুল জুনিয়র সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক সিরিজ শেষে সবসময়ই সিলেটে নিজের বাড়িতে ছুটে যান, শুধু এবারই খেলোয়াড়দের দলবদলের জন্য সিলেটে যাননি। তবে তিনি এখনও দল খুজছেন বলে জানান।

দল না পেলে হয়তো তাকে এবার কর্পোরেট লিগ মিস করতে হবে। পুলপ্রথার বিরোধীতা করে এনামুল জানান এর ফলে বোলাররাই বেশিক্ষতিগ্রস্ত হয়েছে, যেমনটা হচ্ছে তার নিজের এবং পেসার মনিরের ক্ষেত্রে।

পেসার মনির বলেন, নামমাত্র পারিশ্রমিকে তাকে একটি কর্পোরেট হাউস অফার করলেও সঙ্গত কারনে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তবে মনির এও জানান, তিনি কোন রকম পারিশ্রমিক ছাড়াই কর্পোরেট লিগে খেলতে আগ্রহী।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও পুলপ্রথার বিরোধীতা করেছেন। তিনি বলেন, কর্পোরেট লিগের প্রধান লক্ষ্যই হচ্ছে ক্রিকেটারদেরকে চাকরির ব্যবস্থা করে দেয়া, কিন্তু পুলপ্রথার জন্য এই লক্ষ্য অর্জন হচ্ছেনা এবং এতে ক্রিকেটারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, সাধারণত দু’টি বা তিনটি দল শিরোপার জন্য শক্তিশালী দল গঠন করে থাকে এবং কর্পোরেট লিগ কমিটির উচিত খেলোয়াড়দের জন্য তা উন্মুক্ত করে দেয়া।

সাবেক অধিনায়ক পাল্টা প্রশ্ন করে বলেন, সবাইকে যদি খেলাতে না পারে তাহলে কেন শিরোপা প্রত্যাশী দলগুলো বেশি সংখ্যায় জাতীয় দলের খেলোয়াড় দলভুক্ত করবে?

জাতীয় দলের সহঅধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদও পুলপ্রথার বিপক্ষে তার মতামত ব্যক্ত করে বলেন, একজন ক্রিকেটার হিসেবে আমি পুলের বিরুদ্ধে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের জন্য লিগ কমিটি পুলপ্রথা করতে পারে।